টেকনাফ টুডে ডেস্ক : করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ মোকাবিলায় সরকার আরোপিত বিধি-নিষেধ আজ থেকে কার্যকর হয়েছে। সবাইকে ১১ দফা নির্দেশনা মেনে চলতে বলা হলেও অধিকাংশ মানুষই তা মানছেন না।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাজধানীর মিরপুর, কল্যাণপুর, গাবতলী, শ্যামলী, কলাবাগান, ধানমন্ডি, নিউমার্কেট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। এছাড়া দেশের প্রত্যন্ত এলাকার বিভিন্ন বিভাগী,জেলা,উপজেলা,ইউনিয়ন ও মঢস্বলের বাজার সমুহে একই দশা লক্ষ্য করা যাচ্ছে। তা সরকারী এসব নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের মাঠ তদারকি জরুরী হয়ে পড়েছে।
গণপরিবহনে চালক, সহকারী ও যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হলেও অনেকের মুখেই মাস্ক দেখা যায়নি। জীবাণুনাশক দিয়ে গণপরিবহন পরিষ্কার করার কথা থাকলেও তা মানা হচ্ছে না।
বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর দেখা গেছে। তবে, বাজার ও অলিগলিতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
মিরপুর-১ নাম্বার কাঁচাবাজার গিয়ে দেখা গেছে, সেখানে অনেক ভিড়। অধিকাংশ ক্রেতা-বিক্রেতা সামাজিক দূরত্ব মানছেন না।
মিরপুর-১ নম্বরে শপিং মলগুলোতে স্বাস্থ্যবিধির পরিপালনের বালাই নেই। সড়কের দুই পাশে ফুটপাতে শীতের পোশাকসহ বিভিন্ন পণ্য বিক্রি করা হচ্ছে। অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখে মাস্ক নেই। কারো কারো কাছে মাস্ক থাকলেও তা থুতনির নিচে ঝুলিয়ে রাখতে দেখা গেছে।
মিরপুর-১ কাঁচাবাজারের ব্যবসায়ী আব্দুল করিম বলেন, ‘মুখে বেশি সময় মাস্ক রাখলে বিরক্ত লাগে। মাস্ক ব্যবহার করতে পারছি না। যখন ক্রেতারা আসেন, তখন কিন্তু মাস্ক লাগাই।’
ওই বাজারের রাসেল জেনারেল স্টোরের স্বত্বাধিকারী রাসেল হোসেন বলেন, ‘আমি দোকানের ভেতরে নিরাপদ দূরত্বে বসে আছি, ক্রেতারা তো বাইরে। তাই, মাস্ক ব্যবহার করছি না।’
