উত্তরণ সমিতির বার্ষিক সভা সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

আবাসন প্রকল্পে দ্রুত পরিকল্পিত বাড়ি নির্মাণের তাগিদ

প্রেস বিজ্ঞপ্তি :
দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে সরকারের লাখো কোটি টাকার মেগা প্রকল্পের উন্নয়নের সাথে সাথে উত্তরণ আবাসন প্রকল্পেও বসতি গড়ে আবাসন সমস্যা সমাধানের উপর গুরুত্বারোপ করা হয়েছে। বলা হয়েছে, কক্সবাজারে সরকারি-বেসরকারি উদ্যোগে চলমান উন্নয়নের ধারায় আবাসন সংকট তীব্র আকার ধারণ করার আশংকা রয়েছে। আবাসনের এই সংকট মোকাবেলায় একমাত্র সমাধান হতে পারে কক্সবাজারের উত্তরণ আবাসন প্রকল্পটিতে এ মুহূর্তেই বসতি গড়ে তোলা। সেই সাথে কক্সবাজারের পর্যটন শিল্পের বিকাশে উত্তরণ আবাসন প্রকল্পের পরিকল্পিত আধুনিক নির্মাণ শৈলীর ঘর-বাড়ীও ব্যাপক ভুমিকা রাখতে পারে।

গতকাল ১০ মার্চ (শুক্রবার) অনুষ্ঠিত কক্সবাজারের উত্তরণ গৃহায়ন সমবায় সমিতি লিঃ এর ৩৩ তম বার্ষিক সাধারণ সভায় বক্তারা এসবের উপর গুরুত্বারোপ করেন। উত্তরণ আবাসন প্রকল্পে উত্তরণ মডেল স্কুল এন্ড কলেজ মাঠে অত্যন্ত উৎসাহ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয় এই সাধারণ সভা।

অনুষ্টানে বক্তারা পর্যটন শহরের প্রবেশদ্বারে মহা সড়কের দুই পাশে গাছ-গাছালি সমৃদ্ধ ছায়া শীতল পরিবেশে আবাসন প্রকল্পটিতে দ্রুত বাসা-বাড়ী নির্মাণের উপর গুরুত্বারোপ করেছেন। তারা বলেছেন, আবাসন প্রকল্পটি এখন সম্পূর্ণরুপে বসবাসের উপযোগি করে গড়ে তোলা হয়েছে। প্রকল্পে পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। তদুপরি প্রকল্পের অভ্যন্তরে সবগুলো আবাসন প্লটের সাথেই যোগাযোগ ব্যবস্থাও রয়েছে চমৎকার। আবাসন প্রকল্পে ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত উত্তরণ মডেল স্কুলটিতে বর্তমানে প্রায় সহ¯্রাধিক শিক্ষার্থী পড়ালেখা করছে। স্কুলটি আজ শিক্ষার আলো ছড়াচ্ছে আবাসন প্রকল্প এলাকাকে ঘিরে।

উত্তরণ গৃহায়ন সমবায় সমিতি লিঃ এর উদ্যোক্তা এবং বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ¦ নজরুল ইসলাম চৌধুরী বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন। উত্তরণ মডেল স্কুলের প্রাথমিক শাখার সহকারি শিক্ষক মওলানা মোহাম্মদ তৈয়ব পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। উত্তরণ গৃহায়ন সমবায় সমিতি লিঃ এর সদস্য মওলানা ফেরদৌস আহমদ সমিতির প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত এবং সমিতির সদস্যদের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

সভায় বক্তারা পর্যটন শহর কক্সবাজারে একটি পর্যটন ও পরিবেশ বান্ধব আদর্শ আবাসন প্রকল্পের উপর গুরুত্বারোপ করেন। সভার মঞ্চে এসময় উপস্থিত ছিলেন সরকারের সাবেক সচিব নাজমুল আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ঢাকা প্রথম সেটেলমেন্ট আদালতের সদস্য এ,এস,এম রুহুল ইমরান, সোনালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, উত্তরণ গৃহায়ন সমবায় সমিতি লিঃ এর সাবেক সম্পাদক ও প্রকল্প উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব এম,এম সিরাজুল ইসলাম, সমিতির সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা নুরুল হক বীর প্রতীক ও এস,এম কামাল উদ্দিন, বিশিস্ট ব্যাংকার নাজের সিদ্দিকী ও আবু ইফসুফ মোঃ ইয়াহিয়া, এডভোকেট হাবিবুর রহমান, এডভোকেট নুরুল ইসলাম, এডভোকেট নুরুল মোস্তফা মানিক, কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদা তাহের, মাওলানা কাজী নাছির উদ্দিন, জেলা সমবায় অফিসার আবদুল লতিফ, সমবায় উপ সহকারি নিবন্ধক বক্তেয়ার কামাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমিতির সদস্য আলহাজ¦ তোফায়েল আহমদ এডভোকেট।

সভায় বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, ব্যবস্থাপনা কমিটির বার্ষিক রিপোর্ট, বার্ষিক হিসাব বিবরণী এবং প্রাক্কলিত বাজেটসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল আলোচ্য বিষয় উপস্থিত সদস্যদের ব্যাপক আলোচনার মাধ্যমে অনুমোদন করা হয়। অনুষ্ঠানে সমিতির বার্ষিক প্রতিবেদন উত্থাপন করেন সমিতির সম্পাদক শিক্ষাবিদ ফরিদ আহমদ এবং বার্ষিক অডিট, বাজেট ও হিসাব বিবরণী উত্থাপন করেন সমিতির জেনারেল ম্যানেজার দেলোয়ার হোছাইন। উপস্থিত সমিতির সদস্যদের মধ্যে যথাক্রমে এডভোকেট আয়াছুর রহমান, সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, এডভোকেট ফরিদুল আলম, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) সদস্য এডভোকেট প্রতিভা দাশ, মওলানা ছলাহ উদ্দিন বেলাল প্রমুখ সমিতির উন্নয়ন কর্মকান্ড নিয়ে দিক নিদের্শনা মূলক পরামর্শ প্রদান করেন।