উখিয়ায় সড়ক-উপ-সড়কে অদক্ষ চালকের কারণে যানজট বাড়ছে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

শ.ম.গফুর, উখিয়া :

উখিয়া উপজেলার মহাসড়ক ও উপ -সড়কে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য দিন -দিন বেড়েই চলছে। অদক্ষ চালকদের বেপরোয়া চালনা আশংকাজনক হারে বেড়েই চলায় যাত্রী -সাধারণ চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।

কক্সবাজার – টেকনাফ আরাকান সড়কের উখিয়া মরিচ্যা লাল ব্রীজ এলাকা থেকে থাইংখালী পর্যন্ত পুরো উপজেলার ছোট – বড় রাস্তায় টমটম, ভটভটি, ইজিবাইক, অটোরিকশাসহ ঝুঁকিপূর্ণ যানবাহনের চলাচল বন্ধ হচ্ছে না।
মহাসড়কে এখনো নির্বিঘ্নে চলছে অবৈধ যানবাহন। ফলে সড়কে এসব যানবাহনের কারণে প্রায়শ ঘটছে অহরহ দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় প্রায়ই ঘটছে অসংখ্য প্রাণহানির ঘটনাও। অনেকেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণও করছে।
চালকরা জানায়, পুলিশকে সন্তুষ্ট করে তারা এসব গাড়ি রাস্তায় নামায়। থানা পুলিশ তাদেরকে টোকেন দেয়। যেসব যানবাহনের টোকেন থাকেনা, সেসব যানবাহন আটক করে থানায় নিয়ে মোটা অংকের টাকা নিয়ে ছেড়ে দেয়া হয় বলে এক সিএনজি চালক জানান।

কোন প্রকার নিয়মনীতি ছাড়াই চলছে টমটম। হঠাৎ করে রাস্তার মাঝে টমটম দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করে। পেছন দিক থেকে গাড়ি আসার খবরও বেমালুম ভুলে যায়। এতে যত্রতত্র টমটম পার্কিং এর কারণে যানজটেরও সৃষ্টি হয়। যাত্রী সাধারণের অভিযোগ অদক্ষ গাড়ী চালকদের কারণে জনদূর্ভোগ বাড়ছে। এ বিষয়ে আইনপ্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।