কক্সবাজার প্রতিনিধি |
কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে আরো এক কমিউনিটি নেতা (হেড মাঝি) নিহত হয়েছেন । নিহতের নাম মোহাম্মদ সৈয়দ হোসন। আজ বুধবার সকাল সাতটার দিকে কুতুপালং ২ ইস্টে আব্দুল্লাহর চায়ের দোকানের সামনে নিহতের এই ঘটে।
সৈয়দ হোসন বেশ কিছু দিন ধরে কুতুপালং ২ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝির দায়িত্ব পালন করে আসছিলেন বলে জানিয়েছে এপিবিএন পুলিশ।
এনিয়ে গত দুদিনে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীরা দুই রোহিঙ্গা নেতাকে খুন করলো।
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানিয়েছেন আজ বুধবার সকাল সাতটার দিকে কুতুপালং ২ ইস্টের কাছে একটি চায়ের দোকানে কয়েকজন রোহিঙ্গার সাথে সকালের নাস্তা করছিল ক্যাম্প মাঝি সৈয়দ হোসন। এসময় ২০/২৫ জনের সন্ত্রাসী গ্রুপ এসে সৈয়দ হোসনকে দোকান থেকে টেনে হেঁচড়ে বের করে প্রথমে কুপিয়ে পরে গুলি করে। এসময় সন্ত্রাসীরা৷ অন্যান্য রোহিঙ্গাদের ভয়ভীতি দেখাতে এলোপাতাড়ি গুলি ছুড়ে। খবর পেয়ে পার্শ্ববর্তী এপিবিএন ক্যাম্প থেকে পুলিশ আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাৎক্ষণিক গুলিবিদ্ধ সৈয়দ হোসনকে পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায় নিহত সৈয়দ হোসন দীর্ঘদিন ধরে উক্ত ক্যাম্পের হেড মাঝির দায়িত্ব পালন করে আসছিল এবং রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযানে পুলিশ সহ সরকারি বিভিন্ন সংস্থার সোর্স হিসেবে কাজ করতো। ক্যাম্পে আধিপত্য বিস্তারের জন্য রোহিঙ্গাদের সন্ত্রাসী গ্রুপ আরসার সদস্যরা এই হত্যাকান্ড ঘটাতে পারে বলে পুলিশের ধারণা।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান ঘটনার পরপরই এপিবিএন পুলিশ ক্যাম্পে সন্ত্রাসীদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান নিহত হেড মাঝি সৈয়দ হোসনের মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গতকাল মংগলবার দুপুরে প্রকাশ্যে দিবালোকে বালুখালী ৯ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে নর হাবিব নামে একজন নিহত হয়। নিহত নুর হাবিব দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরসার একজন নেতা ছিলেন। পরে আরসা থেকে পদত্যাগ করে স্বাভাবিক জীবন যাপন করে আসছিল। মংগলবার দুপুরে আরসার সন্ত্রাসীরা তকে কুপিয়ে ও গুলি করে খুন করে।
পুলিশের সুত্র মতে চলতি বছর জানুয়ারি থেকে আজ বুধবার পর্যন্ত সন্ত্রাসীদের হামলায় রোহিঙ্গা ক্যাম্পে এ পর্যন্ত ১১ জন রোহিঙ্গা নিহত হয়েছে।
