সংবাদ বিজ্ঞপ্তি : গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, পতেঙ্গা থানাধীন সী বীচ সংলগ্ন এলাকায় একদল মাদক পাচারকারী মাদক পাচার করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অদ্য আনুমানিক ১৩০০ বিসিজি বেইস চট্টগ্রাম কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৮ ক্যান বিয়ার, ০৪ বোতল স্মিতনফ ভোডকা, ০৩ বোতল হুইস্কি, ০২ বোতল রেড লেবেল, ০২ বোতল পাসপোর্ট স্কচ, ০৩ বোতল অ্যাবসল্ট সাইট্রন, ০১ বোতল অ্যাবসল্ট ম্যাঙ্গো, ০১ বোতল তারিনা ভোডকা, ০৯ প্যাকেট (মিনি) সিগারেট (৩০৩), ১৯ প্যাকেট (মিনি) সিগারেট (মারবেল), ২৭ টি (ছোট ছোট পুরিয়া) গাঁজা ও ২০০ লিটার বাংলা মদসহ দুইজন মাদক পাচারকারীকে আটক করা হয়। আটককৃতরা চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন পশ্চিম রায়পুর ময়না গাজীর বাড়ির আব্দুল সাত্তারের পুত্র মোঃ ওসমান (৩০) এবং মৃত আব্দুল গফুরের পুত্র মোঃ ইকবাল (৩৫)। কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত মাদকদ্রব্যগুলো এক স্থান অন্য স্থানে পাচারের উদ্দেশ্যে তারা নিয়ে যাচ্ছিল। আটককৃত মাদক পাচারকারী ও জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
