: সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার কমানোর লক্ষ্যে সকলের মধ্যে সচেতনতা বাড়াতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও তার প্রতিষ্ঠিত সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)। জাতীয় সড়ক নিরাপদ দিবস ঘোষণাও ছিল তার অন্যতম দাবি।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ঘোষণা করে দিবসটিকে মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্তের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
রাষ্ট্রীয়ভাবে এ দিবসটি পালনের ঘোষণায় প্রধানমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন।
সোমবার মন্ত্রিসভায় নেয়া এ সংক্রান্ত সিদ্ধান্তের পর এক প্রেস বিজ্ঞপ্তিতে নিসচা জানিয়েছে, ২৪ বছর আগে ১৯৯৩ সালের ২২ অক্টোবর মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চনের অকাল মৃত্যুর মধ্য দিয়ে গড়ে উঠে নিরাপদ সড়ক চাই আন্দোলন। ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা নিরসনে গড়ে উঠা এই আন্দোলন এদেশের আপামর মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়।
১৯৯৮ সালে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস দাবি জানানো হয়। সময়ের পথপরিক্রমায় সেই ঘোষণা এলো।
এতে আরও বলা হয়, ২০০২ সালে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে ২২ অক্টোবরকে আন্তর্জাতিক নিরাপদ সড়ক দিবস ঘোষণা করতে জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানের কাছে আবেদন করা হয়। জাতিসংঘ এ বিষয়টি আমলে নিয়ে সড়ক দুর্ঘটনার ভয়াবহতার কথা ভেবে সড়ক নিরাপত্তা সপ্তাহ ঘোষণা করে বিভিন্ন প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে।
এমনকি সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে জাতিসংঘ ২০১১-২০২০ পর্যন্ত সড়ক নিরাপত্তা দশক ঘোষণা করেছে। সরকার ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণার মাধ্যমে পরিপূর্ণ রূপ পেল ইলিয়াস কাঞ্চনের এই দাবি এবং যৌক্তিক অবস্থানে উপনীত হলো নিরাপদ সড়ক চাই আন্দোলন।
