টেকনাফ টুডে ডেস্ক : নাটকে নিয়মিত অভিনয় করেন ইন্তেখাব দিনার। গত রোজার ঈদে করোনাভাইরাসের কারণে কোনো নাটকে অভিনয় করতে পারেননি।
কোরবানির ঈদে শুটিং করলেও তার পরিমাণ একেবারেই অল্প। এর মধ্যে একটি হচ্ছে ‘আমার একটাই বউ’।
নাটকটি পরিচালনা করেছেন তানভীর হোসেন প্রবাল। নাটকের গল্পে দেখা যাবে, শাহেদের বয়স ৪০ ছুঁইছুঁই। কিন্তু কেউ বয়স জিজ্ঞেস করলে তিনি খুব দৃঢ়তার সঙ্গে বলেন- তার বয়স ২৫। বয়স নিয়ে তার এমন লুকোচুরির প্রধান কারণ হল বিয়ে।
তিনি ৩৮ বছর বয়সে বিয়ে করেছেন ১৮ বছরের তরুণীকে। বউ ফারিয়া দেখতে খুব সুন্দরী। ফলে ঘুম ভাঙা থেকে শুরু করে আবার ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত শাহেদ হীনমন্যতায় ভোগেন। ইদানীং তিনি একটি জটিল সমস্যায় ভুগছেন। ক’দিন পরপরই বউয়ের ওপর জিনের আসর হচ্ছে। অনেক ফকির, কবিরাজ, ওঝা দেখানোর পরও কোনো লাভ হচ্ছে না। এই জিন আসর করা অবস্থায় তার স্ত্রী অন্তঃসত্ত্বা হন।
মহল্লার মানুষ শাহেদের বউকে নিয়ে নানা কথা ছড়াতে থাকে। সবাই বলে এ সন্তান আসলে শাহেদের নয়, এ সন্তান জিনের। মানুষের কথা প্রতিদিন শুনতে শুনতে শাহেদও এক সময় বিশ্বাস করতে শুরু করে এ সন্তান জিনের। সংসারে শুরু হয় অশান্তি। এমন ঘটনা নিয়েই নাটকটি নির্মিত হয়েছে।
এতে শাহেদের চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকদিন পর একটি বৈচিত্র্যপূর্ণ গল্পের নাটকে অভিনয় করেছি। হাস্যরসাত্মক গল্পের ভেতর দিয়ে কিছু সামাজিক বক্তব্যও তুলে ধরা হয়েছে এ নাটকে। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে।’ নাটকে শাহেদের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন। এটি আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।
