এম জিয়াবুল হক : জাতিসংঘের শিশু সুরক্ষা তহবিল বিষয়ক সংস্থা ইউনিসেফ কতৃক কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় নির্মাণ করা হয়েছে ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন। ২০২০-২২ অর্থবছরে ইউনিসেফ ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের যৌথ মনিটরিংয়ে জেলার চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজার সদর, উখিয়া, রামু ও টেকনাফ উপজেলার প্রত্যন্ত জনপদে প্রাথমিক বিদ্যালয়ের এসব নতুন ভবন নির্মাণ কাজ সমাপ্ত করা হয়েছে। একইসাথে পেকুয়া ও কক্সবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের রিসোর্স সেন্টার ও টেকনাফ উপজেলা শিক্ষা অফিসের দ্বিতীয়তলা ভবনের নির্মাণ কাজও করা হয়েছে।
ইউনিসেফ কক্সবাজার অঞ্চলের প্রকৌশল বিভাগের নিয়োজিত সিনিয়র কনসালটেন্ট ও প্রকৌশলীদের সমন্বয়ে মাটির গুনগতমান নির্ণয় শেষে প্রতিটি এলাকায় ভুমিকম্প ও দুর্যোগপ্রবণতার বিষয়টি যাছাই করে তার বিপরীতে টেকসই প্রযুক্তিগত মাস্টার প্ল্যানে নতুন ভবনগুলোর নির্মাণকাজ সুচারুভাবে সম্পন্ন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইউনিসেফ ঢাকাস্থ হেড অফিসের সিনিয়র কনসালটেন্ট এসএম হাবিব উল্লাহ।
নির্মাণের কাজের নির্ধারিত মেয়াদ থাকলেও নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো করোনাকালীন সময়ে কার্যাদেশের আলোকে যথাসময়ে কাজ সমাপ্ত করতে পারেনি। এ অবস্থায় একাধিক ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করতে গিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে সময় বাড়াতে হয়েছে। আবার কাজ শেষ হবার পর ইউনিসেফ এর কনসালটেন্ট টিম সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো পরিদর্শন করে কাজের কোয়ালিটি যাছাই করেন। এখানে যেসব বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজে কনসালটেন্ট টিম অসঙ্গতি পেয়েছে, তা ফলোআপ পরবর্তী ক্রুটিপুর্ন্ন কাজসমুহ ভেঙে আবারও নতুনভাবে করে দিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক থেকে শুরু করে কক্সবাজার জেলা শিক্ষা অফিসার, সংশ্লিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটি (এসএমসি) সভাপতি ও শিক্ষকদের সার্বিক সহযোগিতায় ইউনিসেফ কক্সবাজার এবং হেড অফিসের সিনিয়র কর্মকর্তা ও নির্মাণকাজ তদারকে নিয়োজিত কনসালটেন্ট টিমের সুদক্ষ মনিটরিংয়ে চলতিবছর মে মাসে কক্সবাজার জেলার ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ সমাপ্ত করা সম্ভব হয়েছে এমনটাই জানালেন ইউনিসেফ কক্সবাজার অঞ্চলের কর্মকর্তা হাফসা রহমান।
দীর্ঘ দেড়বছরের বেশিসময় নির্মাণকাজ শেষে ইতোমধ্যে বিদ্যালয়ের নতুন ভবনগুলোতে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল রোববার (২৭ নভেম্বর) ইউনিসেফ অর্থায়নে কক্সবাজারের আট উপজেলায় নবনির্মিত ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের প্রোপাইল/ডকুমেন্ট আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার শহরের কলাতলীস্থ তারকামানের হোটেল ওশান প্যারাডাইস মিলনায়তনে ইউনিসেফ ও প্রাথমিক শিক্ষা অধিদফতর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জেছের আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) শাহ রেজওয়াত হায়াত ২২টি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের হাতে নতুন ভবনের প্রোপাইল হস্তান্তর করেন।
চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে ২০২২ সালে নির্বাচিত শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার ( উখিয়া উপজেলা শিক্ষা অফিসার) গুলশান আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি সেলডন ইয়েট, প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক ( উন্নয়ন ও পরিকল্পনা) মোহাম্মদ মিজানুর রহমান, উপপরিচালক ( উন্নয়ন ও পরিকল্পনা) ড. নুরুল আমিন চৌধুরী, ইউনিসেফ বাংলাদেশের সিনিয়র অফিসার ড.ইযাতুল্লাহ মজিদ, মিসেস দিপিকা শংকর।
অনুষ্ঠানে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, পরিনয় চাকমা, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া, রামু, কক্সবাজার সদর, উখিয়া ও টেকনাফ উপজেলা শিক্ষা অফিসার, চকরিয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো আবু জাফর এবং সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি, ইউনিসেফ কক্সবাজার অঞ্চলের দায়িত্বশীল অফিসার ও সাংবাদিক সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়াত হায়াত এর কাছ থেকে চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের প্রোপাইল গ্রহন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি সাংবাদিক এম জিয়াবুল হক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহরিয়ার আওরঙ্গজেব চৌধুরী তারেক।###
