কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পর্যটক নিহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবু তাহের সাগর (২০) নামে এক পর্যটক নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর ১টার দিকে শহরের সার্কিট হাউস এলাকার সড়ক উন্নয়ন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আবু তাহের ফেনীর সোনাগাজী উপজেলার মালেখান্দি গ্রামের শফিউল্লাহর ছেলে বলে জানা গেছে।

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

কক্সবাজার সদর থানার ওসি রঞ্জিত কুমার বড়ুয়া জানান, শুক্রবার সকালে নিহত পর্যটক আবু তাহেরসহ আরও কয়েকজন ফেনী থেকে এসে কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার ঝাউবীথি হোটেলে উঠেন।

পরে তারা সাগরে গোসল করতে যান। গোসল শেষে হোটেল কক্ষে ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন তারা।

এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবু তাহের গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় জড়িত ছিনতাইকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি।