ফিলিস্তিনের প্রাণকেন্দ্র জেরুসালেম অসংখ্য নবী-রাসূলের আলাইহিস সালাম ইসলামী দাওয়াহর কেন্দ্র ছিলো বলে দুনিয়ার মুসলিমদের কাছে তা অতি প্রিয় একটি স্থান। এ পবিত্র শহরেই রয়েছে আল আকসা মসজিদ যা বিশ্ব মুসলিমের প্রথম কিবলাহ হিসেবে বিশেষ মর্যাদার অধিকারী। আল আকসা মসজিদের পাশেই রয়েছে সাখরা বা পাথর, যেখান থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ) শুরু করেছিলেন আকাশমুখী সফর। যে তিনটি মসজিদের দিকে ইবাদাতের উদ্দেশ্যে সফর করার জন্য মহানবী (সাঃ) উৎসাহিত করেছেন তার একটি হচ্ছে এই আল আকসা মসজিদ।
দুঃখের বিষয়, জেরুসালেম আজ ইহুদীদের করতলগত। ইহুদীরা আল আকসা মসজিদ ও গমুজে সাখরা ধ্বংস করে সেখানে তাদের নিজস্ব ইবাদাতগাহ তৈরির জন্য মরিয়া হয়ে উঠেছে।
এই গ্রন্থে জনাব এ. এন, এম, সিরাজুল ইসলাম আল আকসা মসজিদের অতীত ও বর্তমান এবং একে ধ্বংস করার জন্য ইহুদীদের চক্রান্তের বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। ভুলে যাওয়া অনেক কথা লিখক ইতিহাসের পাতা থেকে নতুনভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। গ্রন্থটি প্রতিটি মুসলিমের অবশ্য পাঠ্য বলেই আমরা মনে করি।
এ.এন.এম. সিরাজুল ইসলাম : মুসলমানদের কাছে জেরুসালেম শহর ‘আল-কুদস’ নামে পরিচিত। এর অন্য নাম হচ্ছে বাইতুল মাকদিস। আল-কুদস’ নামটাই সর্বাধিক পরিচিত। যদিও কোনটার উপর কোনটার প্রাধান্যের বিশেষ কারণ নেই। মসজিদে আকসাকেও কুদস বলা হয়। কুদৃ’ শব্দের অর্থ হচ্ছে পবিত্র। পক্ষান্তরে, বাইতুল মাকদিস’ শব্দের অর্থ হচ্ছে, ‘হাইকালে সুলাইমানী’ বা সুলাইমান আলাইহিস সালাম-এর তৈরি ইবাদাতগাহ। হিব্রু শব্দ Bethammigdash থেকে মাকদিস” শব্দের উৎপত্তি। মাকদিস” শব্দের মূলেও কুদস’ শব্দ রয়েছে। মূলকথা হল, এটি পবিত্র শহর। এই শহরেই প্রখ্যাত আল আকসা মসজিদ রয়েছে। এই শহরের অন্যান্য নামগুলো হচ্ছে, মাদীনাতুল হক (সত্যের শহর), ‘মাদীনাতুল্লাহ’ (আল্লাহর শহর), আল-মাদীনাহ্ আত-তাহিরাহ’ (পবিত্র শহর) এবং আল-মাদীনাহ আল-মুকাদ্দাসাহ’ (পবিত্র শহর )। জেরুসালেম’ শব্দের উৎপত্তি হয়েছে ইউরোসালেম’ শব্দ থেকে। রোমানরা জেরুসালেমকে এই নামেই অভিহিত করে। মুজাম আল-বুলদানের লেখক ইয়াকুত হামাওয়ী এর আরেকটি নাম উল্লেখ করেছেন। সেটি হচ্ছে, “আল-বালাত’। অর্থ হল, রাজপ্রাসাদ। ‘ইউরোসালেম’ একটি কেনানী শব্দ। আরব ইয়াবুসী গোত্রের ১ম শাসকের উপাধি ছিল ‘সালেম। সালেম অর্থ শান্তিপ্রিয়। তিনি শান্তিপ্রিয় ছিলেন বলে
তাঁকে সবাই এই উপাধিতে ভূষিত করে। তার আসল নাম ছিল মালিক সাদেক। তাঁর এই কেনানী নামানুসারে শহরের নামকরণ করা হয়।
ইউরোসালেম। বর্তমান যুগে, এটাকেই জেরুসালেম বলা হয়। খৃস্টপূর্ব ৩ হাজার সালে আরবের ইয়াবুসী গোত্রের বসবাসের ভিত্তিতে এই শহরের প্রাচীন নাম হচ্ছে ইয়াবুস।
বর্ণিত আছে, ইয়াবুসী শাসক জেরুসালেমে হযরত ইবরাহীম আলাইহিস সালাম-কে স্বাগত জানান এবং আঙ্গুর ও রুটি দিয়ে তাঁর মেহমানদারী করেন।
