আমি সহজ-সরল একটা মেয়ে : নাবিলা ইসলাম

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : আজ থেকে এনটিভিতে প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘হাওয়াই মিঠাই’। নঈম ইমতিয়াজ নেয়ামূলের পরিচালনায় সপ্তাহে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে এটি। এতে পাপিয়া চরিত্রে অভিনয় করবেন নাবিলা ইসলাম। নাটক ও সমসাময়িক ব্যস্ততা প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

শুরুতেই জানতে চাই, ‘হাওয়াই মিঠাই’র গল্পটা কেমন?

নাবিলা বলেন, ‘এটি পারিবারিক কমেডি ধাঁচের একটি নাটক। শহরের এক বাড়ির তিনটি পরিবারের নানা কর্মকাণ্ড উঠে আসবে এ নাটকে। তাছাড়া গল্পে গল্পে আরও পরিবার যুক্ত হবে।’

এতে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? উত্তরে তিনি বলেন, ‘নঈম ইমতিয়াজ নেয়ামূল ভাই নিঃসন্দেহে ভালো মানের একজন নির্মাতা। তার কাজ নিয়ে বলার কিছু নেই। এবারই প্রথম তার সঙ্গে কাজ করা। আর আমরা যারা নাটকটিতে কাজ করছি, মোটামুটি সবাই কাছের মানুষ। কাজটা করতে গিয়ে অনেক এনজয় করছি। আশা করি, দর্শকের ভালো লাগবে।’

ধারাবাহিকে আপনার চরিত্রের নাম পাপিয়া। চরিত্রটি কি ধরণের? উত্তরে নাবিলা বলেন, ‘গল্পে আমার মা রোজী সিদ্দিকী আর বাবা মামুনুর রশীদ আঙ্কেল। আমি উনাদের বড় মেয়ে। আমি সহজ-সরল একটা মেয়ে, পরিবারের বড় মেয়ে যেমন হয় আর কি। পরিবারের গল্প দিয়ে শুরু। পরিবারের সবার সঙ্গে সবার রিলেশনটা কেমন, তাই গল্পে দেখানো হবে।’

এখন আর কি নিয়ে ব্যস্ত আছেন? জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘করোনার কারণে কাজের সংখ্যা কমিয়ে দিয়েছি। সম্প্রতি ইন্ডাস্ট্রিতে পুরোদমে কাজ শুরু হয়েছে। অনেক প্রস্তাব পাচ্ছি। তবে গল্প আর চরিত্র দেখে অভিনয় করা হচ্ছে। আপাতত, কাজের সংখ্যা কম। বলা যায়, রেগুলার সিঙ্গেল নাটকের কাজগুলোই করছি। এরই মধ্যে কিছু একক নাটকের কাজ করেছি। আরও কিছু কাজের বিষয়ে কথা চলছে।’