আজ হোম গ্রাউন্ডে আমিরাতের বিপক্ষে মাঠে নামছে জাহানারা

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : আজ কঠিন সমীকরণে হোম গ্রাউন্ডে আরব-আমিরাতের বিপক্ষে মাঠে নামছে জাহানারা।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ৯টায় সিলেটে ম্যাচটি শুরু হবে।
আমিরাতের বিপক্ষে জয় প্রয়োজন বাংলাদেশের। ম্যাচটি জিতলেও থাইদের সমান ৬ পয়েন্ট হবে তবে নেট রান রেটে এগিয়ে থাকায় সেমির টিকিট পাবে লাল সবুজের দল। বাংলাদেশের রানরেট যেখানে ০.৪২৩ সেখানে থাইল্যান্ডের পয়েন্ট -০.৯৪৯। আর হারলেই কেল্লাফতে।

আমিরাত টুর্নামেন্টের দুর্বল দলগুলোর একটি। ৫ ম্যাচ খেলে একমাত্র জয় মালয়েশিয়ার বিপক্ষে। শক্তি সামর্থ্যে সবদিক দিয়ে এগিয়ে বাংলাদেশ। তবে আমিরাতের মেয়েদের বোলিং যতটা ভালো ততটা খারাপ ব্যাটিং-ফিল্ডিং। একটু দেখে শুনে খেলতে পারলেই তাদের উড়িয়ে দিতে পারবে বাংলাদেশের মেয়েরা।

শ্রীলঙ্কার বিপক্ষে ৩ রানের হারে মানসিকভাবে প্রচণ্ড ধাক্কা খেয়েছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটারদের আত্মহুতির মিছিলে জয় পেয়ে যায় শ্রীলঙ্কা। ট্রফির রেসে থাকতে হলে ঘুরে দাঁড়ানো ছাড়া কোনো বিকল্প নেই। সোমবার সকালে ম্যাচে বৃষ্টি হানা দিলেও আজকের আবহাওয়া বার্তায় সম্ভাবনা নেই। এটাও বাংলাদেশের জন্য স্বস্তির। কারণ বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে কপাল খুলবে থাইদের, পুড়বে বাংলাদেশের।

এর আগে আমিরাতের বিপক্ষে মাত্র ১টি ম্যাচ খেলে বাংলাদেশ। সেখানে জয় পায় নিগার সুলতানা জ্যোতির দল। সবদিক দিয়ে এগিয়ে থাকা বাংলাদেশ কি তাদের হারাতে পারবে? নাকি কাটবে পা পচা শামুকে। লঙ্কানদের বিপক্ষে যেভাবে হেরেছে বাংলাদেশ, এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক বটে।