টেকনাফ টুডে ডেস্ক : বিজ্ঞানী, শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মতিন চৌধুরী এই দিনে ঢাকায় মৃত্যুবরণ করেন। ১৯২১ সালের ১ মে লক্ষ্মীপুর জেলার নন্দনপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি। নোয়াখালীর অরুণচন্দ্র হাই স্কুল থেকে প্রবেশিকা ও ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএসসি পাস করেন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে প্রথম শ্রেণিসহ বিএসসি (সম্মান) এবং একই শাস্ত্রে প্রথম শ্রেণিসহ এমএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৪৯ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে Atmospheric Physics-এ পিএইচডি ডিগ্রি অর্জন করেন আবদুল মতিন চৌধুরী। আবহাওয়া অধিদপ্তরে আবহাওয়াবিদ হিসেবে কর্মজীবন শুরুর পর ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে রিডার নিযুক্ত হন। ১৯৫৬ সালে যুক্তরাজ্যে যান এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ে X-ray Crystallography বিষয়ে গবেষণা করেন তিনি। দুবছর গবেষণার পর স্বাস্থ্যগত কারণে দেশে ফিরে লন্ডনের অসমাপ্ত গবেষণাকর্মটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাপ্ত করে তিনি ১৯৬১ সালে দ্বিতীয় পিএইচডি ডিগ্রিটি লাভ করেন। তিনি পাকিস্তান আণবিক শক্তি কমিশনের সদস্য, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান বিজ্ঞানী এবং রাষ্ট্রপতির বিজ্ঞান উপদেষ্টা হিসেবেও দক্ষতার পরিচয় দিয়েছেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানে আটক জীবনযাপন করেন তিনি। স্বাধীনতার পর দেশে প্রত্যাবর্তন করে ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে সত্যেন বোসের নামে চেয়ার প্রতিষ্ঠার পর অধ্যাপক আবদুল মতিন চৌধুরী সম্মানসূচক ‘বোস অধ্যাপক’ পদে নিযুক্ত হন। ১৯৮১ সালের ২৪ জুন ঢাকায় এ কৃতী বিজ্ঞানী ও শিক্ষাবিদ মৃত্যুবরণ করেন।
