আজ দাপটে থাকা পর্তুগালকে হারাতে চায় জার্মানী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : এবার জার্মানির প্রতিপক্ষ ছন্দে থাকা পর্তুগাল। কঠিন লড়াই জিততে করণীয়টা দলকে, বিশেষ করে আক্রমণভাগকে মনে করিয়ে দিয়েছেন ইওয়াখিম লুভ। পর্তুগালকে হারাতে হলে আক্রমণভাগকে অবশ্যই আরও বেশি ধারাল হতে হবে বলে মনে করেন জার্মানির কোচ।

জার্মানির মিউনিখে শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে দুই দল। ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু করেছে জার্মানি। অন্যদিকে হাঙ্গেরিকে ৩-০ ব্যবধানে হারিয়ে দারুণ শুরু পেয়েছে পর্তুগাল।

শুরুটা ভালো না হলেও দলের উপর আস্থা রাখছেন লুভ। আকাঙ্ক্ষা ও সংকল্পে কোনো কমতি দেখছেন না ৬১ বছর বয়সী এই কোচ।

“দলের আকাঙ্ক্ষা ও সংকল্প অটুট আছে। একারণে আমরা জানি, আমরা ঘুরে দাঁড়াতে পারি। যদি আমরা আক্রমণভাগে আরও ধারাল হতে পারি, তাহলে পর্তুগালকে হারাতে পারব।”

জয়ের দিকে তাকিয়ে আছে পর্তুগালও। মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেস মনে করেন, জার্মানিকে হারাতে দল হিসেবে খেলতে হবে তাদের।

“ক্রিস্তিয়ানো রোনালদো সবসময়ই গুরুত্বপূর্ণ। যারা সেরাটা দিতে এবং পার্থক্য গড়তে দিতে চায়, তিনি তাদের একজন। তবে জাতীয় দলে সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হচ্ছে ‘আমরা।’ একটা দল হয়ে খেলাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক ‘আমি’ আছে কিন্তু ‘আমরা’-কেই গোণায় ধরা হয়।”