আজ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এইদিনে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান জাতীয়তাবাদী দলের এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে যুবদল। এর মধ্যে সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের কার্যালয়গুলোতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত, বিভাগীয় শহরে রক্তদান কর্মসূচি, বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো।

আজ দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব সমাবেশের আয়োজন করেছে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

আবুল কাশেমকে আহ্বায়ক করে যুবদলের কমিটি গঠন করা হলেও পরে আবুল কাশেমকে সভাপতি ও সাইফুর রহমানকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি করা হয়। এরপর বিভিন্ন সময়ে মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বরকতউল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাইফুল আলম নিরব যুবদলের নেতৃত্ব দেন। গত ২৭ মে যুবদলের ৮ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও আব্দুল মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান- ‘বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে’। দেশের গণতন্ত্র ফেরানোর আন্দোলনকে ত্বরান্বিত করার লক্ষ্যে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে যুব সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের তরুণ ও যুবকদের মধ্যে বার্তা দেওয়া হবে।

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সরকারের দুঃশাসনে অতিষ্ঠ মানুষের জনজীবনকে সামনে রেখে, রাজপথের দৃপ্ত শপথ নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা হবে। আগামীতে রাজপথের আন্দোলনে গতি সৃষ্টি করতে এই দিবসে তারা শপথ গ্রহণ করবেন।