আগামী প্রজন্মকে বাঁচাতে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

সাইফুল ইসলাম : এক সময়ে প্রাকৃতিক সম্পদে ভরপুর টেকনাফ। শিক্ষা-দীক্ষায় তেমন অগ্রসর না হলেও আতিথিয়েতা এবং মানবতায় এই সীমান্ত জনপদের জুড়ি ছিলনা। আজ আঙ্গুল ফুলে কলা গাছ বনতে যাওয়া কতিপয় বিপথগামী মাদক কারবারী ও মানব পাচারকারী দালাল চক্রের কারণে পুরো টেকনাফবাসী তথা সমগ্র জাতিকে মাদকের তকমা গায়ে লেপন করে চলতে হচ্ছে ; যা খুবই লজ্জাজনক ও হতাশাজনক। অথচ অপার সম্ভাবনার শহর টেকনাফে বৈধ উপায়ে উপার্জন করে চলার মতো অনেক সুযোগ ছিল এবং এখনো অবধি বিদ্যমান রয়েছে। টেকনাফের লবণ শিল্প, পান, সুপারি, মাছ ও চিংড়িসহ আরো অন্যান্য দেশি ও বৈদেশিক মুদ্রা অর্জনের বিভিন্ন খাত থাকা সত্ত্বেও হয়তো টাকা বা ক্ষমতা অথবা পরিবাবের অধিক সুখের চিন্তায় মানবপাচার ও মাদকপাচারের মতো দেশ, সমাজ ও জাতি ধ্বংসকারী অবৈধ ব্যবসায় অনেকে জড়িয়ে পড়েছেন। কতিপয় সুবিধাভোগী অদূরদর্শী রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের কারণে এসব অপকর্ম প্রত্যন্ত এলাকায় ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। যা সমবেতভাবে দমনে হিমশিম খেতে হচ্ছে আর অকালে ঝরে গেছে সম্ভাবনায় তাজা প্রাণ। এই অপকর্মের কারণে টেকনাফের শিক্ষার্থী, পেশাজীবি, চিকিৎসা সেবা প্রার্থী পদে পদে হয়রানির শিকার হচ্ছে। অপরাধীদের গ্যাঁড়াকলে পড়ে অনেক নিরীহ মানুষকে হাজত বাস করতে হচ্ছে।

অথচ টেকনাফে যখন মানবপাচার ও মাদক পাচারের ব্যবসা ছিলনা তখন কী এই উপজেলার মানুষ সুন্দর, স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যময়ভাবে জীবনযাপন করেননি? আজ থেকে ১০/১৫ পনেরো বছর আগে টেকনাফের মানুষের গায়ে হয়তো এতো কলংক ও এতো কালিমা লাগেনি। তখন যদি এই উপজেলার মানুষ কোন ভয়,কোন ভীতি, কোন কলংকের দাগ ও কোন হতাশা ছাড়া সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করত তাহলে এখন কেন পারেনা এবং পারবেনা। আর কেন পারবে না, অবশ্যই পারবে এবং পারতেই হবে। কারণ নিজেকে বাঁচতে হবে। ভবিষৎ প্রজন্মকে বাঁচাতে হবে। এমনিতে দেশ, সমাজ, জাতি আজ লজ্জিত। যদি আগত প্রজন্ম দিকহারা হয় তাহলে দেশ, জাতির ভাগ্যাকাশে কালো মেঘের ঘনঘটা লেগে থাকবে। আমরা এমন জাতি ও সমাজ চায় না, যে বা যাদের কারণে আগামী দিনের সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ার পথে অন্তরায় হয়। সবাই অবৈধ পন্থায় অর্জিত পথ পরিহার করে বৈধ পন্থায় উপার্জনের পথ বেছে নিয়ে সুন্দর, সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে অংশীদার হয়। এরই মধ্যদিয়ে আমরা সকলে মিলে আসুন টেকনাফ হতে কলংকের তকমা মোচনে সকল পেশা,সকল মতের-পথের পার্থক্য ভুলে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যায়। ভালো থাকি নিজে এবং ভালো থাকতে সহায়তা করি সবাইকে।
লেখক-মাষ্টার সাইফুল ইসলাম।