টেকনাফ টুডে ডেস্ক : সহকর্মী কি বন্ধু হতে পারে? এই প্রশ্নের উত্তর এককথায় দেওয়া কঠিন। অফিসে একসঙ্গে কাজ করতে করতে কেউ কেউ খুব কাছের হয়ে ওঠেন, আবার কেউ হয়ে যান প্রতিদ্বন্দ্বী। তবে সম্পর্ক যেমনই হোক না কেন, কর্মক্ষেত্রে পেশাদার আচরণ বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলুন, জেনে নিই, অফিসে সহকর্মীর সঙ্গে আচরণ কেমন হওয়া উচিত।
শব্দচয়নে সতর্ক থাকুন
অফিসে নানা বয়স ও ব্যাকগ্রাউন্ডের মানুষ একসঙ্গে কাজ করেন। সমবয়সি সহকর্মীর সঙ্গে যেখানে মজা বা খোলামেলা আলোচনা মানানসই, সেখানে বয়সে বড় বা সিনিয়র সহকর্মীর সঙ্গে সেই একইভাবে কথা বলা অশোভন হতে পারে। তাই কার সঙ্গে কিভাবে কথা বলছেন, তা আগে ভেবে নেওয়া জরুরি। আপনার ব্যবহারেই আপনার ব্যক্তিত্ব প্রকাশ পায়—এটা ভুলবেন না।
তর্ক নয়, সমঝোতায় বিশ্বাস রাখুন
মতের অমিল বা ভুল বোঝাবুঝি অফিসের কাজের অংশ। তবে সেই কারণে উত্তেজিত হয়ে পড়া উচিত নয়। যদি সহকর্মী রাগের মাথায় কিছু বলেন, তাতেও নিজের মাথা ঠাণ্ডা রাখুন। পাল্টা রেগে গেলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।
বরং ধৈর্য ধরুন, প্রয়োজন হলে পরবর্তীতে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা করুন।সব কথা ভাগ করবেন না
সহকর্মীর সঙ্গে বন্ধুত্ব হয়ে গেলেই সব ব্যক্তিগত কথা ভাগ করে নেওয়া ঠিক নয়। কারও বিষয়ে অপছন্দের কথা বা অফিসের গোপন পরিকল্পনা বলে দেওয়া বিপদ ডেকে আনতে পারে। মনে রাখবেন, অফিসে পেশাদার সীমারেখা বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয়।
অফিসে বন্ধুত্ব হতেই পারে, তবে সম্পর্ক যত কাছেরই হোক না কেন, কাজের জায়গায় পেশাদারিত্ব বজায় রাখা সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
সংযত ভাষা, ধৈর্য এবং বিচক্ষণতা—এই তিনটি গুণই আপনাকে সহকর্মীদের মধ্যে সম্মানিত করে তুলবে।সূত্র : এই সময়