অধ্যাপক শামসুল আলম হত্যা মামলার আসামী মহিউদ্দিন আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডটকম :
টেকনাফ সরকারী ডিগ্রী অধ্যাপক শামসুল আলম হত্যা মামলার ৩নং আসামী মহিউদ্দিনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধায় হ্নীলা স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামী উক্ত মামলায় জামিনে রয়েছে বলে দাবী করায় যাচাই করে দেখা হচ্ছে। সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য ২০১৪ সালের ৩১ অক্টোবর টেকনাফ ডিগ্রী কলেজের অধ্যাপক শামসুল আলম নিহত হন। হোয়াইক্যংয়ের মহেষখালীয়া পাড়া এলাকায় জমি বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় আহত হয়ে চমেক হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরন করেন। তিনি হোয়াইক্যং মহেষখালীয়া পাড়ার মৃত ফজল করিমের ছেলে। জমিজমার একটি বিরোধ নিয়ে সমঝোতা বৈঠক চলাকালীন অধ্যাপক শামসুর উপর হামলা চালায় মামলার আসামীরা। এসময় তিনি মাথায় জখমপ্রাপ্ত হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে অবস্থার আরো অবনতি হলে চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যুবরন করেন।
এঘটনার একদিন পর নিহত শামসুর স্ত্রী বাদী হয়ে ৩৪ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। মামলার আইও তৎকালীন টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন দীর্ঘ তদন্ত শেষে ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে ৩১ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র প্রদান করেন।
ধৃত মহিউদ্দিন উক্ত মামলার ৩ নং আসামী। সে হোয়াইক্যং ইউনিয়নের মহেষখালীয়া পাড়া এলাকার মৃত ইলিয়াছের ছেলে।
এদিকে এলাকাবাসীর সূত্রে জানা গেছে, মহিউদ্দিন ইয়াবা ব্যবসায় ও জড়িত। মহিউদ্দিন ও জালাল সিন্ডিকেট দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে সূত্রে জানায়।