বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকা পরিদর্শনে বিজিবি মহাপরিচালক
কক্সবাজার প্রতিনিধি ।
কক্সবাজারের টেকনাফ ও বান্দরবানের মিয়ানমার সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।
আজ সোমবার সকালে বিজিবি মহাপরিচালক টেকনাফের হোয়াইকং বর্ডার পোস্ট এরিয়া পরিদর্শন করেন। দুপুরে তিনি নাইকংছড়ি সীমান্তের বাইশফাড়ি, তুমব্রু ও ঘুমধুম বর্ডার পোস্ট এরিয়া পরিদর্শন করেন।
গত এক সপ্তাহ ধরে নাইকংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারে সামরিক বাহিনীর সাথে সেখানকার বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলমান সংঘর্ষ এবং বিদ্রোহী গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে মিয়ানমার সেনাবাহিনীর হামলা গোলাবর্ষণ মর্টার শেল চলছে। সীমান্তের এপারে বাংলাদেশী বাসিন্দারা মিয়ানমার সামরিক বাহিনীর মর্টার শেল নিক্ষেপ গোলাবর্ষণ দেখে আসছে। সীমান্তের ওপারে বর্তমান মিয়ানমার সরকারি বাহিনীর নিয়ন্ত্রণ থেকে বেশ কিছু সীমান্ত চৌকি ও বিশাল অঞ্চল দখলে নিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি। মিয়ানমারের অভ্যান্তরিন চলমান সংঘাত সংঘর্ষের মধ্যে বিজিবি মহাপরিচালক নাইকংছড়ি ও টেকনাফ সীমান্ত এলাকা পরিদর্শনে এসেছেন।
কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানিয়েছেন
পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সীমান্তে কর্মরত বিজিবি সদস্যদের নিয়মিত অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি গত এক সপ্তাহ ধরে সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরীন চলমান সংঘর্ষের ঘটনায় উদ্ভূত সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। বিজিবি সদস্যদের উদ্দেশ্যে মহাপরিচালক জানিয়েছেন মিয়ানমারে চলমান সংঘাত সংঘর্ষ তাদের অভ্যান্তরিন ব্যপার। বাংলাদেশের এই সীমান্তে নিরাপত্তা ব্যবস্থায় সজাগ থাকতে হবে। বিজিবি মহাপরিচালক সীমান্তে দায়িত্বরত বিজিবি সৈনিকদের সীমান্তে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়নের নির্দেশনা দেন। এছাড়াও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সদা প্রস্তুত থাকারও নির্দেশনা দেন। পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সীমান্তে দায়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালীন বিজিবি মহাপরিচালকের সাথে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার ও সংশ্লিষ্ট ব্যাটালিয়নসমূহের অধিনায়কগণসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
