এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর বাঘগুজারারা পয়েন্টে নির্মিত রাবার ড্যামের একটি স্প্যানের রাবারের ব্যাগ ছিঁড়ে গেছে। এতে চলতি বোরো মৌসুমের জন্য রাবার ড্যামের উপরের দিকে আটকে রাখা মিঠা পানির উৎস সমুদ্রের দিকে নেমে যাচ্ছে। এই অবস্থার কারণে সমুদ্রের লবণাক্ত পানি ডুকে নদীর মিঠাপানি চাষের উপর নির্ভরশীল চকরিয়া ও পেকুয়া উপজেলা প্রায় (১৭২১৫ হেক্টর) ৪৩ হাজার ৩৭৫ একর জমিতে বোরো চাষের ক্ষতির আশংকা দেখা দিয়েছে।
গতকাল সোমবার ভোরে সামুদ্রিক জোয়ারের সময় চকরিয়া উপজেলার বরইতলী-কোনাধঅলী পয়েন্টে নির্মিত বাঘগুজারা রাবার ড্যামটির দুই নাম্বার স্প্যানের একটি অংশের রাবার ছিঁড়ে যায়।
রাবার ড্যামটির কেয়ারটেকার আবদুর রহিম বাঘগুজারা রাবার ড্যামের দুই নাম্বার স্প্যানের রাবার ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জোয়ারের পানিতে ছিঁড়ে গেছে বলে ধারণা করেছেন।
কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ২০০৯ সালের দিকে পানি উন্নয়ন র্বোড মাতামুহুরী নদীর মিঠা পানি আটকিয়ে শুস্ক মৌসুমে বোরো চাষের জন্য এ নদীর চকরিয়া ও পেকুয়া উপজেলার অংশে চকরিয়ার পালাকাটা, পেকুয়ার বাঘগুজারা ও পেকুয়ার ভোলা খালে পৃথক তিনটি রাবার ড্যাম নির্মাণ করে। মাতামুহুরী নদীতে এ রাবার ড্যামগুলো নির্মাণ করার মাধ্যমে প্রতি বছর শুস্ক মৌসুমে চকরিয়া-পেকুয়ায় প্রায় ৬০ হাজার একর জমিতে ইরি বোরো চাষ ও রবি শষ্যের চাষ হয়ে আসছে।
ইরি বোরো চাষ শেষে প্রতিবছরের মে মাসের শুরুর দিকে রাবার ড্যামগুলোর রাবার ব্যাগ আবার নামিয়ে দিয়ে মাতামুহুরী নদীর পানি চলাচল স্বাভাবিক করা হয়। কিন্তু বোরো চাষে পানি সেচের প্রয়োজনীয়তা আরও প্রায় এক মাস রয়ে গেছে। এ অবস্থায় সোমবার (৪ এপ্রিল) ভোর রাতের কোনো এক সময় পেকুয়ার বাঘগুজারা রাবার ড্যামটির দুই নাম্বার স্প্যানের রাবার ছিঁড়ে গিয়ে নদীর ওপরের দিকে আটকানো মিঠাপানি বের হয়ে যাচ্ছে।
স্থানীয় চাষীরা জানান, রাবার ড্যামের ওপরের দিকে বেশ কয়েকটি বালি তোলার কাজে ব্যবহৃত ড্রেজার আটকে আছে। রাবার ড্যাম নামিয়ে দিয়ে আটকে পড়া ওই ড্রেজারগুলো বের করে নেওয়ার জন্য ড্রেজার মালিকেরা বেশ কিছুদিন ধরে তদবির চালিয়ে আসছেন। তাদের মতে পানির চাপে নয়, এমনও হতে পারে স্বার্থান্বেষী মহল হয়তো রাবার ছিঁড়ে দিয়েছে যা তদন্ত করলেই বেরিয়ে আসবে।
এব্যাপারে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের চকরিয়া উপজেলার শাখা প্রকৌশলী (এসও) জামাল মোরশেদ বলেন, ওই ড্যামের দুই নাম্বার স্প্যানের ব্যাগের উপরের অংশ সোমবার ভোর রাতের কোনো এক সময় ছিঁড়ে গেছে। এটি মেরামত করার জন্য জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে। ইতোমধ্যে আমরা মেরামত কাজ শুরু করেছি।
কী কারণে ড্যামের রাবার ছিঁেড় গেল জানতে চাইলে তিনি বলেন, প্রায় ১৩বছর আগে ২০০৯ সালে লাগানো ড্যামের রাবারগুলোর সক্ষমতা ইতোমধ্যে নষ্ঠ হয়ে গেছে। সেকারণে পানির প্রবল চাপে রাবার ছিঁেড় গেছে। প্রাথমিক তদন্তে সেটি প্রতিয়মান হয়েছে।
অন্যদিকে চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এসএম নাছিম হোসেন বলেন, মাতামুহুরী নদীতে নির্মিত দুইটি রাবার ড্যামের মাধ্যমে নদীর মিঠাপানির প্রবাহ আটকিয়ে চকরিয়া ও পেকুয়া উপজেলার কৃষকরা চাষাবাদ করে থাকেন। সেখানে বাঘগুজারা পয়েন্টের ড্যামের রাবার ছিঁেড় যাওয়ায় চাষের ভর মৌসুমে সেচ সুবিধা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তিনি বলেন, সহসা রাবার ড্যামটি মেরামত করা সম্ভব না হলে উপজেলার ১৭ হাজার ২১৫ হেক্টর জমিতে রোপন করা বোরো ধানের অপুরণীয় ক্ষতিসাধন হবে। ##
