হুমায়ূন রশিদ : টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (অস্থায়ী জোন) পৌর এলাকার মৎস্যজীবিদের নিয়ে মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১লা এপ্রিল দুপুরে টেকনাফ পৌর শাখার দক্ষিণ জালিয়া পাড়ায় জাতীয় মৎস্যজীবি সমিতির কার্যালয়ে স্থানীয় মৎস্যজীবিদের নিয়ে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (অস্থায়ী জোন) এর মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদক চোরাচালান, পরিবহন ও সেবন নিয়ে দেশ,জাতি, আর্থিক ও স্বাস্থ্যগত ক্ষতি নিয়ে আলোচনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ এবং উপপরিদর্শক গোপাল কৃষ্ণ সাহা। মাদক সেবন ও অপব্যবহার নিয়ে পবিত্র কুরআনের সূরা বাকারা, সূরা মায়েদা এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সিয়াম সাধনার এই মাসে ধর্মীয় পবিত্রতা রক্ষা করে জীবন গঠনের জন্য জেলে সম্প্রদায়সহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানানো হয়েছে।
এছাড়া এতে আরো বক্তব্য রাখেন জাতীয় মৎসজীবি সমিতি টেকনাফ পৌর শাখার সভাপতি ও পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, টেকনাফ পৌর শাখার সহ-সভাপতি মোঃ ইউসুফ কালু,টেকনাফ পৌর ৯নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি আবু সিদ্দিক।
এতে বক্তারা টেকনাফকে মাদকমুক্ত করে ঐতিহ্যবাহী টেকনাফের হারানো গৌরব ফিরে আনার জন্য মাদক চোরাচালান, বহন ও সেবন থেকে সবাই দূরে থাকার আহবান জানান। উপস্থিত লোকজন মাদক থেকে দূরে থাকার অঙ্গিকার করেন।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ মুফিজুর রহমান কালা, পৌর ৮নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি হাজী নুর হোছন, সাধারণ সম্পাদক লাল জোহার হলু প্রমুখ। #
