টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ ও চোরাই পণ্য উদ্ধার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে সেন্টমার্টিন ও শাহপরীর দ্বীপে দায়িত্বরত কোস্টগার্ড সদস্যরা পৃথক অভিযান চালিয়ে বিপূল পরিমাণ বিদেশী মদ ও চোরাই পণ্য উদ্ধার করেছে।

সুত্র জানায়, ২৫ নভেম্বর রাতের প্রথম প্রহরে সেন্টমার্টিন কোস্টগার্ড জওয়ানেরা মাদকের চালান মওজুদ রাখার গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের কেয়াবনের ভিতরে অভিনব কায়দায় লুকানো ৪৮টি ধূসর রংয়ের বস্তা পাওয়া যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে ৭শ ৭৮বোতল মদ, ২৪ বোতল গ্র্যান্ড রয়েল হুইস্কি এবং ৪৯ক্যান আন্দামান গোল্ড বিয়ার জব্দ করা হয়।

অপরদিকে বিসিজি স্টেশন শাহপরী দ্বীপের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিস্ত্রি পাড়া ঘাট এলাকায় অভিযানে যায়। এসময় সন্দেহজনক কিছু ব্যক্তির আনাগোনা দেখে কোস্টগার্ড জওয়ানেরা থামার জন্য সংকেত দিলে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তারা লোকালয়ে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ৯ টি বস্তা পাওয়া যায়। যা খুলে ২শ ৩৮ক্যান আন্দামান গোল্ড বিয়ার, ২০ বোতল গ্র্যান্ড রয়েল হুইস্কি, ৬শ ৩৩ পিস ছোট-বড় হোয়াইটিং তানাকা ফাউন্ডেশন ক্রিম জব্দ করতে সক্ষম হয়।

কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা (লেঃ বিএন) এস এম তাহসিন রহমান জানান,জব্দকৃত বিদেশী মদ, বিয়ার, হুইস্কি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় এবং জব্দকৃত কসমেটিকস টেকনাফ কাস্টমসে হস্তান্তর করা হয়েছে। ###