জামায়াতে ইসলামী হোয়াইক্যং ইউনিয়নে নির্বাচনী এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লেখক: ওবাইদুর রহমান নয়ন, টেকনাফ টুডে ডটকম
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

কক্সবাজারের টেকনাফে জামায়াতের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে দাঁড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না—ইনশাআল্লাহ।” -মাওলানা মুস্তাফিজুর রহমান , তিনি বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাঁড়িপাল্লার সমর্থনে হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতে ইসলামের উদ্যোগে নির্বাচনী এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জুমাবার সকালে ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহীম এর সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মুহাম্মদ হোছাইনের সঞ্চালনায় এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম টিম অঞ্চল সদস্য ও কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথি বলেন,” সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামীতে দেশের বিভিন্ন অঞ্চলে যে জনসম্পৃক্ততা ও গণআন্দোলনের ধারা দৃশ্যমান হয়েছে, তা জনগণের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের সক্রিয় অংশগ্রহণ, গণসংযোগ, সমাবেশ এবং প্রচারণামূলক কার্যক্রম—সব ক্ষেত্রেই একটি উল্লেখযোগ্য উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। মানুষের অংশগ্রহণ বৃদ্ধি, নানা সামাজিক ইস্যুতে অবস্থান গ্রহণ এবং মাঠপর্যায়ে সংগঠনের সক্রিয়তা এই গণজোয়ারকে আরও দৃঢ় করে তুলেছে। এই ধারাবাহিক জনমতের স্রোত অব্যাহত থাকলে দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত। তাই, সারাদেশে জামায়াতের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে দাঁড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না—ইনশাআল্লাহ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জনাব জাহেদুল ইসলাম। তিনি বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনে প্রশিক্ষিত এজেন্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলীয় প্রার্থীর ভোট সুরক্ষায় প্রতিটি এজেন্টকে দায়িত্বশীল, সচেতন ও কৌশলী ভূমিকা পালন করতে হবে। নির্বাচনী আইন-কানুন, ভোট গ্রহণের প্রক্রিয়া ও এজেন্টদের দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ের নেতৃত্ব আরও দক্ষ হবে।” তিনি নির্বাচন পরিচালনা, নির্বাচনী আচরণবিধি, কেন্দ্র ব্যবস্থাপনা, ভোট সুরক্ষা, এজেন্টের করণীয়-বর্জনীয়সহ বিভিন্ন বিষয়ে বাস্তবমুখী দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ। তিনি বলেন, দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে প্রতিটি কর্মীকে সচেতন, ধৈর্যশীল ও সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে। এজেন্টরা কেন্দ্রের ভেতরে দলের চোখ-কান হিসেবে কাজ করেন, তাই প্রতিটি মিনিট তাদের কাছে গুরুত্বপূর্ণ।
উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ তিন শতাধিক মনোনীত এজেন্ট, ওয়ার্ড দায়িত্বশীল ও কেন্দ্র পরিচালকগণ উপস্থিত ছিলেন।