হুমায়ূন রশিদ : সাগরে মাছ শিকার করতে গিয়েই জলসীমা অতিক্রম করায় মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক ২০জন বাংলাদেশী জেলে এবং নৌকা ফেরত আনল বিজিবি।
সুত্র জানায়,৭নভেম্বর বিকাল ৪টায় মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির হাতে আটক টেকনাফ শাহপরীর দ্বীপের আলী আহমদের পুত্র শাহ আলম (২৮), শফি উল্লাহর পুত্র আসমত উল্লাহ (১৮), নুরুল আলমের পুত্র আবদুস শুক্কুর (৩২), মৃত নজু মিয়ার পুত্র আবুল হোছন (৪৫), মৃত নাজির হোছনের পুত্র আয়ুব খান (৪৮), মৃত মোঃ ইউসুফের পুত্র নুর হোছন (৪৫), মৃত বশির আহমদের পুত্র মোঃ বেলাল (২৯), মৃত নুর আমিনের পুত্র সলিম (৩৫), মৃত জাকারিয়ার পুত্র আবদুল কাদের (২৫), মৃত সোলতান আহমদের পুত্র মোঃ হাশিম (৩৫), মোঃ আলমের পুত্র মোঃ হোছেন (২৮), ইলিয়াছের পুত্র মহি উদ্দিন (২৬), মোঃ ইউনুছের পুত্র এনায়েত উল্লাহ (৩০), মৃত মোঃ ইউনুছের পুত্র নুর হাফেজ (৪০), মৃত মছন আলীর পুত্র মোঃ ইয়াছিন (৩৫), আমির সাদুর পুত্র আবদু রহিম (৪৪), মৃত বাচা মিয়ার পুত্র হাছান আলী (৫৩), আবদু শুক্কুরের পুত্র ওসমান গণি (৩০), মহেষখালী উপজেলার নাছির উদ্দিনের পুত্র ইবনে আমিন (২৭) এবং উখিয়া উপজেলার হাছন শরীফের পুত্র আবদু শুক্কুর (৪৬) কে ১৫টি হস্তচালিত নৌকা ও ২টি ইঞ্জিন নৌকা টেকনাফ ২বিজিবি কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে।
এর আগে, গত ৫নভেম্বর বিকাল ৪টারদিকে টেকনাফ শাহপরীরদ্বীপ ট্রলারঘাট এলাকা হতে ২০জন বাংলাদেশী জেলে ১৫টি হস্তচালিত এবং ২টি ইঞ্জিন চালিত নৌকাযোগে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে গমন করে। উক্ত জেলেরা মাছ ধরতে ধরতে একসময় ভূলবশতঃ বাংলাদেশ-মায়ানমার সীমান্তে শুন্য লাইন অতিক্রম করে মায়ানমারের জলসীমার নাইক্ষ্যংদিয়া নামক স্থানে ঢুকে পড়ে। এসময় মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অবৈধ অনুপ্রবেশের দায়ে নৌকাসহ ২০জন বাংলাদেশী জেলেকে আটক করে নিয়ে যায়। পরে বিজিবির ঐকান্তিক প্রচেষ্টা ও আরাকান আর্মির সাথে কার্যকর যোগাযোগের মাধ্যমে ২০জন বাংলাদেশী জেলেকে ফেরত আনা হল।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ,(বিজিবিএমএস) জানান, মায়ানমার হতে ফেরত আসা ২০জন জেলে বাংলাদেশী নাগরিককে নিকটতম আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ সাপেক্ষে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ###
