উখিয়ার জালিয়াপালংয়ে পাহাড় কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

উখিয়া প্রতিনিধি :

উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত  শ্রমিকের নাম মুসলেম উদ্দিন (২০)। তিনি জালিয়া পালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের চাককাটা এলাকার নুরুল ইসলামের ছেলে।

শনিবার (২০ জানুয়ারী) ভোর ৫টার দিকে জালিয়া পালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের সোনাইছড়ি দুবাই কাসেম মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাসান জানান, ভোর ৫ টার দিকে জালিয়া পালংয়ের দুবাই কাসেম মার্কেট এলাকায় পাহাড়ের কাটতে গিয়ে মাটির স্তুপ পড়ে মোসলেম উদ্দিনের শরীরের উপর। এসময় গাছের শিকড় তাঁর অণ্ডকোষে ঢুকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে তাঁকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, নিহত মোসলেম উদ্দিন সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ জানান, যে জায়গায় পাহাড় কাটা হয়েছে সেখানে এর আগেও কয়েকবার অভিযান চালানো হয়েছিলো এবং বন আইনে তিনটি মামলা করা হয়।