তিন হাজার টাকার জন্য ব্যবসায়ী খুন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১০ years ago

চট্টগ্রামে মাত্র তিন হাজার টাকার জন্য এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে আরেক ব্যবসায়ী।

শুক্রবার রাতে নগরীর পাহাড়তলী থানার অলংকার শপিং কমপেক্সে এ ঘটনা ঘটে।

নিহতের নাম নাসির উদ্দিন রায়হান। তিনি সীতাকুন্ড থানার দক্ষিণ ছলিমপুর কালুশাহ নগরীর গনি হাজীর বাড়ির প্রবাসী আবু তাহেরের ছেলে।

পুলিশ জানায়, পাহাড়তলী থানার অলংকার শপিং কমপেক্সের দ্বিতীয় তলায় ইসমাইল হোসেনের দোকানের সামনের অংশ মাসিক চার হাজার টাকায় ভাড়া নেন নাসির। ১ মার্চ সেখানে টেবিল বসিয়ে নাসির মোবাইল ফোনের ইজিলোড, বিকাশসহ বিভিন্ন কমিশন ব্যবসা শুরু করেন। কিন্তু ব্যবসা না হওয়ায় ছয় দিনের মাথায় নাসির অন্যত্র চলে যান।

এদিকে নাসির শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইসমাইলের দোকানে এলে তার কাছে পুরো মাসের চার হাজার টাকা ভাড়া দাবি করেন ইসমাইল। কিন্তু নাসির ছয় দিনের জন্য এক হাজার টাকা দিতে রাজি হন।

এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে নাসিরের পেটে ধারালো ছোরা ঢুকিয়ে দেয় ইসমাইল। এতে নাসিরের নাড়িভুড়ি বের হয়ে যায়।

আশপাশের ব্যবসায়ীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন।

পাহাড়তলী থানার ওসি আলমগীর হোসেন যুগান্তরকে বলেন, তাৎক্ষণিক অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসিরকে ছুরিকাঘাতের কথা সে স্বীকার করেছে।

এ ঘটনায় নিহতের মা মমতাজ বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন বলে তিনি জানান।