টেকনাফ টুডে ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। আজ বুধবার স্থানীয় সময় সকালে বেলুচিস্তানের ঝব জেলার জাতীয় মহাসড়কে কিল্লা সাইফুল্লাহ জেলার কাছে এ দুর্ঘটনা ঘটে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, ঝব জেলাটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৫৭২ মিটার ওপরে অবস্থিত। বুধবার সকালে এ জেলায় কয়েক শ ফুট গভীর খাদে একটি বাস পড়ে যায়। এতে ২২ জন নিহত হন ও এক শিশু আহত হয়।
ঝব জেলার উপকমিশনার হাফিজ মুহাম্মদ কাসিম ডনকে বলেন, লরালাই থেকে ঝবের উদ্দেশে যাত্রা শুরু করেছিল বাসটি। এতে ২৩ জন যাত্রী ছিল।এটি আখতারজাইয়ের সামনে পৌঁছালে বাসটি নিচে পড়ে গেলে ২২ জন নিহত হন।
নিহতদের মরদেহ কিল্লা সাইফুল্লাহ জেলার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ শিশু, পাঁচ নারী ও ১১ জন পুরুষ রয়েছে। আহত শিশু চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় শোক জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি, পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি ও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদুস।
