লিটনের আসনে আ’লীগের গোলাম মোস্তফা বিজয়ী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন।

ঘোষিত ১০৯টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, গোলাম মোস্তফা আহমেদ নৌকা প্রতীকে ৯০ হাজার ১৭১ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী লাঙ্গল প্রতীকে ৬০ হাজার ১০০ ভোট পেয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, ভোট প্রদানের হার ৪৯ দশমিক ৬৫ ভাগ।

এর আগে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। তবে দুপুর পর্যন্ত খুব কম সংখ্যক ভোটারের উপস্থিতি দেখা গেছে।

সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান ও ভোট কেন্দ্রের শান্তি-শৃংখলা রক্ষায় প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ, আনসার ও বিজিবির উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম গোলাম কিবরিয়া জানান, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে ওই আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হলে এ আসনটি শূন্য হয়।