বিশেষ প্রতিবেদক : টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন সংলগ্ন নাফনদীর মৎস্যঘেঁরে লুকানো আইসের চালান জব্দ করা হয়েছে। এই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ঘেঁর মালিককে পলাতক আসামী করা হয়েছে।
সুত্র জানায়, ১৫মার্চ (মঙ্গলবার) ভোররাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের ঝিমংখালী বিওপি এবং ব্যাটালিয়ন সদরের বিশেষ ২টি টহল দল হোয়াইক্যং ঝিমংখালী বিওপির আওতাধীন নয়াবাজার পূর্ব মহেশখালীয়া পাড়ার নাফনদী সংলগ্ন মৃত নুরুল ইসলামের পুত্র নুরুল কবিরের মৎস্যঘেঁরে মাদকের চালান লুকিয়ে রাখার সংবাদের ভিত্তিতে অভিযানে যায়। মৎস্যঘেঁরের মধ্যে জালের ভেতরে অভিনব কায়দায় লুকানো ৫ কোটি ৩৮ লক্ষ টাকা মূল্যমানের ১ কেজি ৭৬ গ্রাম আইস পাওয়া যায়। এসময় হাতে নাতে কাউকে আটক করা না গেলেও এলাকার চিহ্নিত মাদক কারবারী এবং ঘেঁর মালিক নুরুল কবিরকে আটকের জন্য তৎপরতা অব্যাহত রয়েছে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান,এই মাদকের চালান উদ্ধারের ঘটনায় মৎস্যঘেঁর মালিককে পলাতক আসামী করে জব্দকৃত মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। #####
