টেকনাফ টুডে ডেস্ক : রকমারি রান্নার বাহারে প্রয়োজন পড়ে নানা রকম শাকসবজি আর হার্বসের। কিন্তু ধরুন রান্না করতে গিয়ে দেখলেন, বাড়িতে কাঁচামরিচ নেই। কিংবা কারিপাতাগুলো শুকিয়ে গেছে। তাহলে? এ রকম পরিস্থিতিতে মেজাজ বিগড়ে যাওয়াটা খুব স্বাভাবিক। আবার রন্ধনপটীয়সী হয়ে ওঠার ইচ্ছা তো অল্পবিস্তর সবারই থাকে। তাই বাড়িতেই স্বল্প খরচে বানিয়ে ফেলতে পারেন ‘কিচেন গার্ডেন’। টুকিটাকি সবজি কিনতে ঘন ঘন বাজারে ছোটার তাড়াও থাকবে না। আর আপনার বাড়ির আশপাশেই থাকবে সবুজের একটুকরো ছোঁয়া। তাই কিচেন গার্ডেন তৈরি করার জন্য রইল কিছু প্রয়োজনীয় ঘরোয়া পদ্ধতি।
বাড়ির ছাদ বা বারান্দা হতে পারে কিচেন গার্ডেন করার জন্য একেবারে উপযুক্ত। তবে রান্নাঘরের জানালার বাইরে যদি পর্যাপ্ত জায়গা থাকে, সেটি যদি আলো-বাতাস চলাচলের উপযোগী হয়, সেখানেও কিচেন গার্ডেন বানাতে পারবেন। বারান্দার রেলিং কিংবা সিলিং থেকেও ঝুলিয়ে দিতে পারেন বিভিন্ন রঙের টব। রান্নার উপকরণ তো মিলবেই, সঙ্গে সঙ্গে বাড়ির সৌন্দর্যও বাড়বে। ড্রয়িংরুমের জানালার রেলিং দিয়ে বাইরে ঝুলিয়ে দিতে পারেন কাঠের বাক্স বা বেতের ঝুড়ি। উপযুক্ত মাটি আর চারাগাছের পরিচর্যাতে আপনি তৈরি করতে পারেন কিচেন গার্ডেন। পুরোনো হয়ে যাওয়া জুতার শেলফটি একটু রং করে নিয়ে তার মধ্যেই আপনি সাজিয়ে রাখতে পারেন ছোট ছোট টব। এতে জায়গা যেমন কম লাগবে, তেমনি পড়ে থাকা শেলফটির উপযুক্ত ব্যবহার হবে।
পুরোনো হয়ে যাওয়া চায়ের কাপ, কেটলি, বাসন, বিদেশি চকলেটের বাক্স, বিস্কুটের টিনের বাক্স কিন্তু টব হিসেবে বেছে নিতেই পারেন। তবে খেয়াল রাখতে হবে পানি, আলো-বাতাস চলাচলের পর্যাপ্ত বন্দোবস্ত যেন থাকে। সরাসরি মাটিতে যদি চারাগাছটি লাগান, তাহলে লক্ষ্য রাখবেন পর্যাপ্ত পানি নিস্কাশনের ব্যবস্থা যেন থাকে। অনেক সময় গাছের গোড়ায় অতিরিক্ত পানি জমে থেকে চারাগাছ পচে যাওয়ার আশঙ্কা থাকে। বেশির ভাগ সবজি ফলানোর জন্য প্রচুর পানির প্রয়োজন হয়। কাজেই টবের মাটির পানির ধারণক্ষমতা ও নিকাশি ব্যবস্থার মধ্যে যেন সামঞ্জস্য থাকে। কিচেন গার্ডেনের মাটিতে ব্যবহার করুন জৈব সার। মাটির সঙ্গে গোবর, কম্পোস্ট সমপরিমাণে মিশিয়ে তাতে চা পাতা, ফেলে দেওয়া ডিমের খোল ইত্যাদি মেশাতে পারেন। এতে কিন্তু মাটির উর্বরতা অনেকটাই বাড়বে।
টব ব্যবহারের ক্ষেত্রে রয়েছে রকমফের। যেমন চার থেকে পাঁচ ইঞ্চি গভীর টবে বেসিল, ধনেপাতা, কারিপাতার জন্য ব্যবহার করতে পারেন। আবার দশ থেকে বারো ইঞ্চি গভীর টব টমেটো, মরিচ, বেগুন, ক্যাপসিকাম, লেমনগ্রাস, লেবু এসব চারাগাছ লাগানোর জন্য আদর্শ। চারাগাছগুলোর সঠিক পরিচর্যার জন্য বায়োফার্টিলাইজার ব্যবহার করুন। এতে গাছগুলো পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাবে। আর এই কয়েকটি সহজ উপায় মাথায় রাখলেই বিনা বাধায় আপনার রন্ধনশিল্পটি বজায় থাকবে।
