বার্তা পরিবেশক : হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১ইং ২য় আসরের ৩য়দিনের খেলা রামিসা ফুটবল একাদশ হ্নীলা পূর্ব সিকদার পাড়া বনাম ফুটন্ত গোলাপ রইক্ষ্যং একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে কোন দলই গোলের দেখা না পাওয়ায় গোল শূণ্য ড্র হয়েছে।

১২ডিসেম্বর (রবিবার) বিকাল ৪টায় হ্নীলা আলহাজ¦ আব্দুল মোনাফ স্মৃতি ফাউন্ডেশনের খেলার মাঠে রামিসা ফুটবল একাদশ হ্নীলা পূর্ব সিকদার পাড়া বনাম ফুটন্ত গোলাপ রইক্ষ্যং একাদশের মধ্যে শুরু হয়। উভয় দলের আক্রমণ আর পাল্টা আক্রমণ চালালেও শক্তিশালী রক্ষণ ভাগ আর চৌকষ গোলরক্ষককে সহজে ফাঁকি দিতে পারেনি। আক্রমণ আর পাল্টা আক্রমণে চলতে থাকা খেলায় ১মার্ধ্বের সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি দিয়ে মধ্যবিরতি দেন।।

মধ্য বিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হলে দু’দল আবারো আক্রমণ-পাল্টা আক্রমণ শুরু করে। উভয় দলের স্ট্রাইকিং পজিশনের কিছুটা দূর্বলতার কারণে তাদের প্রথম খেলায় কোন দলই বল জালে পাঠাতে পারেনি। এভাবে চলতে থাকা খেলার নির্ধারিত সময় শেষ হওয়ায় প্রধান রেফারী লম্বা বাঁশি বাজিয়ে অত্র টূর্ণামেন্টের ৩য়দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন। ফলে উভয় দল গোলশূণ্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ত্যাগ করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন রামিসা ফুটবল একাদশ হ্নীলা পূর্ব সিকদার পাড়ার সোহেল তানভীর।

খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন মোহাম্মদ শফি,সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন শাহাদাত কায়সার, জয়নাল এবং ৪র্থ রেফারী হিসেবে ছিলেন সাঈদী। আগামীকাল মাঠের পার্শ্ববর্তী এইচএসসি পরীক্ষার কেন্দ্র হওয়ার কারণে খেলা বন্ধ থাকবে। পরশু ১৪ ডিসেম্বর নয়াবাজার আব্দুল্লাহ ফুটবল একাদশ বনাম হোয়াইক্যং স্পোটিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হবে। ###
