টেকনাফ টুডে ডেস্ক : সংবাদ কক্ষে দৃষ্টান্তমূলক ভূমিকা এবং নেতৃত্বের মাধ্যমে সমাজে বিশেষ ভূমিকা রাখায় তিন নারী সম্পাদককে এ বছরের এডিটোরিয়াল লিডারশিপ অ্যাওয়ার্ড দিচ্ছে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্স ওয়ান-ইফরা।
মালাওয়ির ‘দ্য নেশন অন সানডে’ পত্রিকার সম্পাদক এডিথ ক্যাম্বালামে, মিয়ানমারের ‘সেভেন ডে ডিজিটাল’ এর প্রধান সম্পাদক নিয়েন নিয়েন নাইং এবং টমসন রয়টার্সের মধ্যপ্রাচ্য বিষয়ক সম্পাদক সামিয়া নাখুল ২০২১ সালের জন্য এ পুরস্কার পাচ্ছেন।
শুক্রবার ওয়ান-ইফরার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আরব অঞ্চলের ২০২১ সালের এডিটোরিয়াল লিডারশিপ অ্যাওয়ার্ডের জন্য তাদের মনোনীত করা হয়েছে।
সংবাদ প্রকাশক এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক এই সংগঠনটি উইমেন ইন নিউজ (উইন) কর্মসূচির আওতায় প্রতি বছর এ পুরস্কার দেয়।
এবারের পুরস্কারজয়ী তিন সম্পাদক আগামী ২৯ নভেম্বর ‘ওয়ান ইফরা ওয়ার্ল্ড নিউজ মিডিয়া কংগ্রেস’ এ উইনের প্যানেলে অংশ নেবেন। আর ২০২২ সালের সেপ্টেম্বরে স্পেনে ‘ওয়ার্ল্ড নিউজ মিডিয়া কংগ্রেসে’ তাদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ওয়ান-ইফরার সিইও ভিনসেন্ট পেরেগনে বলেন, “সাংবাদিকতায় নেতৃত্ব বেশ কঠিন, গণমাধ্যমের ব্যবসা তার চেয়েও দুরূহ। ২০২১ সালে উইমেন ইন নিউজ এডিটোরিয়াল লিডারশিপ অ্যাওয়ার্ডে নির্বাচিতরা এক্ষেত্রে অনন্য উদাহরণ।”
