আজ ফরাসি ঔপন্যাসিক এমিল জোলার মৃত্যু দিবস

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ১৯০২ সালের ২৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন ফরাসি ঔপন্যাসিক এমিল জোলা। তার জন্ম ১৮৪০ সালের ২ এপ্রিল প্যারিসে। প্রকৃতিবাদী চিন্তাধারার অন্যতম প্রবক্তা এমিল ‘তাত্ত্বিক প্রকৃতিবাদ’ বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি রাজনৈতিক উদারীকরণের পক্ষে কথা বলতেন। তার রচনাসমূহ তৎকালীন ফ্রান্সের রাজনীতিতেও গভীর প্রভাব ফেলে। জোলার বাবা ফ্রাংকোয়িজ জোলা ছিলেন ইতালীয় বংশোদ্ভূত প্রকৌশলী। মা ছিলেন ফরাসি। জোলার আট বছর বয়সে তার বাবা মারা যান। এরপর ১৮৫৮ সালে তাদের পরিবার ফ্রান্সে চলে আসে। মায়ের ইচ্ছা, ছেলে আইন বিষয়ে পড়বে। কিন্তু লেখালেখিতে বেশি সময় দেওয়ায় জোলা স্নাতক পরীক্ষায় ফেল করেন। আইন পড়াও আর হয়ে ওঠেনি। ফ্রান্সে তিনি বন্ধু হিসেবে পান বিখ্যাত চিত্রশিল্পী পল সেজানকে। লেখক হিসেবে পরিচিতি পাওয়ার আগে তিনি কাজ করতেন একটি জাহাজ কোম্পানির করণিক হিসেবে। তখন তিনি পত্রিকায় সাহিত্য ও শিল্প সমালোচনা লিখতেন। জোলার প্রথম উপন্যাস ‘দ্য আর্থ’ প্রকাশিত হয় ১৮৬৪ সালে। ১৮৬৭ সালে প্রকাশিত হয় তার আরেক উল্লেখযোগ্য উপন্যাস ‘থেরেস রিকুইন’। তিনি সব সময় একটি নতুন পৃথিবীর স্বপ্ন দেখতেন। ১৮৯৮ সালের ১৩ জুলাই ফ্রান্সের প্রেসিডেন্টকে উদ্দেশ করে তিনি একটি খোলা চিঠি লেখেন। দৈনিক পত্রিকার প্রথম পাতায় তা প্রকাশিত হয়। এই লেখার কারণে তিনি সরকারের রোষানলে পড়েন। ফলে প্রায় এক বছর তিনি ইংল্যান্ডে আত্মগোপনে ছিলেন। দেশে ফিরে তিনি ফের লিখতে শুরু করেন। ‘দ্য জার্মিনাল’ তার কালজয়ী আরেক উপন্যাস। উপন্যাস ছাড়াও তিনি বেশ কিছু ছোটগল্প, প্রবন্ধ ও নাটক লিখেছেন। দুইবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেও তিনি শেষ পর্যন্ত পুরস্কার পাননি। তাকে ঔপন্যাসিকদের ঔপন্যাসিক বলা হয়।