দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৮ জনের মৃত্যু; শনাক্ত ১৬৭৬ জন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৮জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৭৬ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ১০ হাজার ৯৯০ জনের। করোনায় মারা গেছেন ১২ হাজার ৮৩৯ জন। আর সুস্থ হয়েছেন ৭ লাখ ৫১ হাজার ৩২২ জন।

গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৬১৩টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৭৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ঢাকা বিভাগের ৪ জন। এ ছাড়া চট্টগ্রামে ১২, রাজশাহীতে ৪, খুলনায় ৬, বরিশালে ১, সিলেটে ৩, রংপুরে ৫ এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।