চকরিয়ায় গাছের আম খাওয়ায় পিটিয়ে মায়ের হাত ভেঙে দিল নিজের সন্তানেরা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় গাছ থেকে আম পেড়ে খাওয়ায় রড দিয়ে পিটিয়ে ৬৫ বছরের বৃদ্ধা হাছিনা আক্তারের হাত ভেঙে দিয়েছে সন্তানেরা। মঙ্গলবার রাত ৮টায় চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের উত্তর লক্ষ্যারচর গ্রামে এই ঘটনা ঘটে। পরে প্রতিবেশি লোকজনের সহায়তায় মা হাছিনা আক্তার বুধবার ৪ সন্তানকে অভিযুক্ত করে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আহত হাছিনা আক্তারকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত হাসিনা আক্তার উত্তর লক্ষ্যারচর গ্রামের মৃত বদরুদ্দোজার স্ত্রী। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়।
হাছিনা আক্তার লিখিত অভিযোগে বলেন, স্বামী মারা যাওয়ার পর তিনি স্বামীর ঘরে বসবাস করে আসছেন। পাশাপাশি তার ছেলেরা রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের আমগাছ থেকে আম পেড়ে খাওয়া নিয়ে বড় ছেলে শাহাব উদ্দিনের সাথে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাহাবউদ্দিন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
এ বিষয়ে প্রতিবাদ করলে রাত পৌনে ৮টার দিকে বড় ছেলে শাহাবউদ্দীন, ছোট ছেলে নেজাম উদ্দিন, বাবুল ও মেয়ে ইয়াছমিন আক্তার লোহার রড় দিয়ে আঘাত করলে তার হাত ভেঙ্গে যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, এই বিষয়ে থানায় অভিযোগ দেয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। ##