টেকনাফ টুডে ডেস্ক : দক্ষিণ মেরুর বাসিন্দাদের পেঙ্গুইনের চেনা চেহারা সাদা-কালো রঙের। কিন্তু এবার ক্যামেরায় ধরা পড়ল বিরল হলুদ রঙের পেঙ্গুইনের ছবি। বেলজিয়ামের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অ্যাডামসের ক্যামেরায় ধরা পড়েছে স্বর্ণাভ পেঙ্গুইনের অপরূপ সৌন্দর্য। যতদূর জানা যাচ্ছে, এই প্রথম কেউ এই পেঙ্গুইনদের ছবি তুলতে পারল।
তবে এই ছবি খুব সম্প্রতি তোলা নয়। ২০১৯ সালের ডিসেম্বরে দক্ষিণ জর্জিয়ায় এই ছবি তোলেন অ্যাডামস। সেখানে দুই মাসের অভিযানে গিয়েছিলেন তিনি। সেই সময় তোলা হলেও সম্প্রতি ছবিগুলি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ওই অভিযাত্রী।
পোস্টে নিজেকে ‘সৌভাগ্যবান’ বলে দাবি করেছেন অ্যাডামস। জানিয়েছেন, তাদের বোট দক্ষিণ জর্জিয়ার দ্বীপে পৌঁছানোর পরেই দেখা মিলেছিল ‘কিং পেঙ্গুইন’দের। তাদের ঝকঝকে হলুদ রঙের বিচ্ছুরণে মুগ্ধ হন তারা।
অ্যাডামস জানান, সকলকে অবাক করে দিয়ে সোজা তাদের দিকেই সাঁতরে এগিয়ে আসে পেঙ্গুইনগুলো। মাত্র কয়েক মিনিট পরে হলে এই সৌভাগ্য হয়তো তাদের হতো না বলেই মত অ্যাডমসের। এত সহজেই ছবিগুলো তুলতে পেরে উচ্ছ্বসিত তিনি।
অ্যাডামস আরও জানান, ইনস্টাগ্রামে পোস্ট করার পর থেকেই বহু মানুষের ফোন পেয়েছেন তিনি। সকলেই তাকে অভিনন্দন জানিয়েছেন এমন বিরল অভিজ্ঞতার শরিক হওয়ার জন্য।
ভাইরাল হয়েছে বিরলদর্শন এই পেঙ্গুইনের ছবি। প্রশ্ন উঠছে, কেন এরা এত আলাদা? আসলে জেনেটিক মিউটেশনই এর পেছনের কারণ। যার ফলে মেলানিনের বৈষম্য থেকেই শরীরে এমন পরিবর্তন দেখা যায়। দক্ষিণ জর্জিয়ায় সব মিলিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার পেঙ্গুইনের বাস। এদের মধ্যে হলুদ পেঙ্গুইনের সংখ্যা ঠিক কত, তা অবশ্য জানা নেই।
