১ম ওয়ান ডে ; বাংলাদেশী বোলারদের দাপটে জয়

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ফেরার ম্যাচ রাঙিয়ে রাখলেন সাকিব আল হাসান। দারুণ বোলিংয়ে নিলেন ৪ উইকেট। অভিষেকে ৩ উইকেট পেলেন হাসান মাহমুদ। বোলারদের দাপটে ছোট লক্ষ্য পেল বাংলাদেশ। ছোট পুঁজি নিয়েও দারুণ লড়াই করল ওয়েস্ট ইন্ডিজ। তবে প্রত্যাশিত জয় দিয়েই সিরিজি শুরু করল তামিম ইকবালের দল।

ফেরার ম্যাচে ৬ উইকেটের জয়

প্রতিপক্ষকে মাত্র ১২২ রানে থামিয়ে মূল কাজটা সেরে রেখেছিলেন বোলাররা। এরপরও জয় এলো না সহজে। হারাতে হলো প্রথম চার ব্যাটসম্যানকে, খেলতে হলো ৩৩.৫ ওভার।

মহামারীকালে ১০ মাস খেলার বাইরে ছিল বাংলাদেশ। ফেরার ম্যাচে জিতল ৬ উইকেটে। আইসিসি ওয়ানডে লিগে করল শুভসূচনা।

স্বাগতিকদের বোলিং যতটা ভালো হয়েছে, ব্যাটিং ততটাই বিবর্ণ। ছোট লক্ষ্য ছিল, তাই সমস্যা হয়নি। খর্ব শক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের এমন ব্যাটিংয়ে ভাবনার যথেষ্ট খোরাক আছে।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ৩২.২ ওভারে ১২২ (আমব্রিস ৭, যশুয়া ৯, ম্যাককার্থি ১২, মোহাম্মেদ ১৭, মেয়ার্স ৪০, বনার ০, পাওয়েল ২৮, রিফার ০, জোসেফ ৪, আকিল ১, হোল্ডার ০*; রুবেল ৬-০-৩৪-০, মুস্তাফিজ ৬-০-২০-২, হাসান ৬-১-২৮-৩, সাকিব ৭.২-২-৮-৪, মিরাজ ৭-১-২৯-১)

বাংলাদেশ: ৩৩.৫ ওভারে ১২৫/৪ (লিটন ১৪, তামিম ৪৪, শান্ত ১, সাকিব ১৯, মুশফিক ১৯*, মাহমুদউল্লাহ ৯*; জোসেফ ৮-৩-১৭-০, হোল্ডার ৩-০-২৬-০, আকিল ১০-১-২৬-৩, মোহাম্মেদ ৮-০-১৯-১, ম্যাককার্থি ২-০-১০-০, বনার ২.৫-০-১৫-০)

ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী

ফিরে গেলেন সাকিবও

নিজের শেষ বলেও উইকেট পেলেন আকিল হোসেইন। বোল্ড করে ফেরালেন সাকিব আল হাসানকে।

শরীরের খুব কাছের বল কাট করতে চেয়েছিলেন সাকিব। ঠিক মতো পারেননি, ব্যাটের কানায় লেগে আঘাত হানে স্টাম্পে। আকিল পান নিজের তৃতীয় উইকেট।

৪৩ বলে ১ চারে ১৯ রান করেন সাকিব। ২৮ ওভারে বাংলাদেশের স্কোর ১০৫/৪। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী মাহমুদউল্লাহ।

তামিমের প্রতিরোধ ভাঙলেন মোহাম্মেদ

বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালকে ফিরিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মেদ।

অফ স্পিনারকে পা বাড়িয়ে খেলতে চেয়েছিলেন তামিম। ব্যাটে-বলে করতে পারেননি। নিয়ন্ত্রণ হারিয়ে আরও কিছুটা এগিয়ে যান, আর ফিরতে পারেননি। সুযোগ কাজে লাগিয়ে বেলস ফেলে দেন ক্যারিবিয়ান কিপার।

৬৯ রানে ৭ চারে ৪৪ রান করেন তামিম। ২৩ ওভারে বাংলাদেশের স্কোর ৮৪/৩। ক্রিজে সাকিব আল হাসানের সঙ্গী মুশফিকুর রহিম।

তিনে টিকলেন না শান্ত

নামার পর থেকে ভুগছিলেন নাজমুল হোসেন শান্ত। আকিল হোসেইনকে কীভাবে সামলাবেন তা যেন ভেবে পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত বাঁহাতি স্পিনারের বলেই ফিরলেন সহজ ক্যাচ দিয়ে।

দুই দিকেই স্পিন করাতে পারা আকিল ভোগাচ্ছেন বেশ। অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা বল লেগে খেলতে চেয়েছিলেন শান্ত। ঠিক মতো পারেননি, মিডউইকেটে সহজ ক্যাচ মুঠোয় জমান জেসন মোহাম্মেদ।

৯ বলে ১ রান করেন শান্ত। ১৬ ওভারে বাংলাদেশের স্কোর ৫৭/২। তামিম ইকবাল খেলছেন ২৭ রানে।

দারুণ ডেলিভারিতে বোল্ড লিটন

চমৎকার বোলিংয়ের পুরস্কার পেলেন আকিল হোসেইন। দারুণ এক ডেলিভারিতে বোল্ড করে দিলেন লিটন দাসকে।

মিডল স্টাম্পে পড়া গুড লেংথের লাইন পড়তে পারেননি লিটন। বাঁহাতি স্পিনারের বল তার প্রত্যাশার বেশি টার্ন করে আঘাত হানে অফ স্টাম্পের মাথায়। ভাঙে ৪৭ রানের জুটি।

১৪ ওভারে বাংলাদেশের স্কোর ৪৮/১। ক্রিজে তামিম ইকবালের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।