টেকনাফ টুডে ডেস্ক : লাক্সতারকা, মডেল ও অভিনেত্রী অপর্ণা ঘোষের বিয়ে সম্পন্ন হয় গত ১০ ডিসেম্বর রাতে। সনাতন ধর্মীয় রীতি অনুসারে অভিনেত্রীর গ্রামের বাড়ি চট্টগ্রামের আগ্রাবাদে বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অপর্ণার বরের নাম সত্রাজিৎ দত্ত। পেশায় আইটি ইঞ্জিনিয়ার, জাপানের এয়ারবাসে কর্মরত আছেন।অপর্ণার দুই বন্ধুর সুবাদে তাদের পরিচয় হয় এই করোনাকালে।
এরপর বিষয়টি দুই পরিবারকে জানালে, তাদের বিয়েতে সম্মতি দেয় দুইপক্ষ। বিয়ের উদ্দেশ্যে গত ৬ ডিসেম্বর সকালে জাপান থেকে দেশে আসে সত্রাজিৎ দত্ত।
পরদিন দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বাগদান হয়।
২০০৬ সালে ‘লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা’র মধ্য দিয়ে মিডিয়ায় পা রাখেন রাঙামাটির মেয়ে অপর্ণা ঘোষ।
অপর্ণার প্রথম অভিনয় করেন ‘তবুও ভালোবাসসি’ নাটকে। ছোটপর্দার পাশাপাশি বড় পর্দায়ও অভিনয় করছেন অপর্ণা। তার অভিনীত ছবির মধ্যে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘মেঘমল্লার’, ‘সুতপার ঠিকানা’, ‘ভুবন মাঝি’ বেশ প্রশংসিত হয়েছে।
২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ ছবির জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
