নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :
চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নে খাবারের সন্ধানে অতর্কিত লোকালয়ে ঢুকে পড়ে দলছুট একটি বন্য হাতি। শুক্রবার ভোররাতে ইউনিয়নের বাঁশখাইল্লা পাড়ার লোকালয়ে দেখতে পায় ঘুম থেকে জেগে উঠা মানুষ। ভোররাতে খাবারের সন্ধানে আসলেও আলো ফোটার সাথে সাথে হাতিটি মানুষের নজরে পড়ে যায়। এতে দলছুট হাতিটি এখান থেকে ওখানে ছুটতে থাকে। আর উৎসুক মানুষও দলছুট হাতিটির পিছু নেয়। এই অবস্থায় হাতিটিকে নিয়ে উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষের মাঝে।
এদিকে সকাল ৯ টা থেকে বিকাল চারটা পর্যন্ত সাতঘন্টা চেষ্ঠা চালিয়ে ফের বন্যহাতিটিকে বনাঞ্চলে ফেরাতে সক্ষম হয়েছেন বনবিভাগের লোকজন। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো.মাজহারুল ইসলাম।
স্থানীয় বনকর্মী ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, শুক্রবার ভোররাতে চট্টগ্রাম দক্ষিন বনবিভাগের চকরিয়া উপজেলার পহরচাঁদা বনবিটের সংরক্ষিত বনাঞ্চল হয়ে একটি দলছুট বন্যহাতি ঢুকে পড়ে উপজেলার বিএমচর ইউনিয়নের বাঁশখাইল্লা পাড়ার লোকালয়ে।
পরবর্তীতে দলছুট বন্য হাতিটি এই গ্রাম থেকে ওই গ্রামে ছুটে চলে। আর হাতির পিছু নেয় উৎসুক মানুষও। আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মাঝে। বর্তমানে হাতিটি মানুষের তাড়া খেয়ে পুচ্ছলিয়া পাড়ার জঙ্গলে ঢুকে পড়েছে। যার চারিদিকে লোকালয়। এদিকে দলছুট বন্য হাতি লোকালয়ে নেমে আসার খবর পেয়ে কক্সবাজার উত্তর বনবিভাগের ডিএফও মো.তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের ডিএফও আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজ এর নেতৃত্বে বনবিভাগ, সাফারি পার্ক কর্তৃপক্ষ এবং পুলিশ সেখানে ছুটে যায়। তারা যৌথভাবে হাতিটিকে নির্দিষ্ট আবাসস্থলে ফেরানোর তৎপরতা শুরু করেন।
ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, লোকালয়ে নেমে আসা হাতিটি একাধিক গ্রাম দৌড়ঝাঁপ করলেও কোন মানুষ এবং সহায়-সম্পদের ক্ষতি করেনি। খবর পেয়ে সকাল ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত টানা সাতঘন্টা চেষ্ঠা চালিয়ে আমরা নিরাপদে হাতিকে ফের বনাঞ্চলে ফেরাতে পেরেছি।
ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সহকারী তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, বন্যহাতিটি লোকালয়ে ঢুকে পড়ার খবর পেয়ে আমরা তাকে নির্দিষ্ট আবাসে ফেরাতে এলিফেন্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্যদের নিয়ে অকুস্থলে অবস্থান নিই। পরে টানা সাতঘন্টা চেষ্ঠায় তাকে বনে ফেরানো সম্ভব হয়।
সাফারি পার্ক কর্মকর্তা মাজহারের ধারণা, চুনতি বন্য প্রাণী অভয়ারণ্য থেকে দলবদ্ধ হাতি ধান খেতে চলে আসে এখানে। হয়তো ভোর হওয়ার আগে অন্য হাতিগুলো নির্দিষ্ট আবাসে ফিরে গেলেও দলছুট হয় এই হাতি।#
