কক্সবাজারে গাছের চারা হাতে নিয়ে মাদক ও ধর্ষণকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

কক্সবাজার প্রতিনিধি :
এক হাতে গাছের চারা, অন্য হাতে ধর্ষণকে লাল কার্ড। কক্সবাজারে এমনই এক কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত লাল সবুজ উন্নয়ন সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজনে মাদক ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সদস্যরা টিফিনের টাকায় গাছ কিনে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন। গাছের চারা হাতে নিয়ে মাদক ও ধর্ষণ বিরোধী শপথ করে।

শপথ বাক্য পাঠ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। শিক্ষার্থীরা সব অন্যায়কে লাল কার্ড প্রদর্শন করে সবুজ বাংলা গড়ার শপথ নেয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেল বলেন, আমরা প্রতি বছর টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের মধ্যে এক লাখ গাছের চারা বিতরণ করি। বর্তমান সময়ে স্কুল কলেজ বন্ধ থাকার পরও ৪৮টি জেলায় এ পর্যন্ত ৮৪ হাজার ২০০ গাছের চারা বিতরণ করা হয়েছে। গত ৭ জুলাই কুমিল্লা থেকে ভ্রাম্যমাণ কার্যক্রমটি শুরু করা হয়। জেলার বিভিন্ন বিদ্যালয়ের মাঠ, গ্রাম, রাস্তা, শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে এ চারা বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দীপু, সাংবাদিক তৌফিক লিপু, সংগঠনের কক্সবাজার জেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম ফরহাদ, সহ সভাপতি সাঈদী আজম সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না বড়ুয়া বাঁধন, শামীম চৌধুরী প্রমুখ।