পিকলু দত্ত, টেকনাফ :
টেকনাফে তুচ্ছ ঘটনায় রোহিঙ্গাদের ছুরিকাঘাতে পিতা-পুত্র সহ ৩জন গুরুত্বর আহত হয়েছে। আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর আঘাত গুরুত্বর হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে টেকনাফের সাবরাং কাটাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এঘটনায় আহতরা হচ্ছেন সাবরাং কাটাবুনিয়া এলাকার আব্দুল শরীফের ছেলে আব্দু রশিদ (৫৫),
আব্দু রশিদের ছেলে মো: আলম (২২) ও ভাই আব্দুর রহমান (৫০)।
হাসপাতাল সূত্রে জানা গেছে তাদের শরীরের বিভিন্ন জায়গায় দায়ের কুপ ও ছুরিকাঘাত করা হয়েছে।
আহতের স্বজনরা জানান, তুচ্ছ ঘটনার জের ধরে কাটাবুনিয়া এলাকায় প্রভাবশালী এক ব্যক্তির জমিতে রায়তি হিসাবে বসবাসরত রোহিঙ্গা হাসান প্রকাশ পুতুইন্না, ইসমাইল ও তাদের পিতা হাশিম উল্লাহ সহ কয়েকজন মিলে দা-ছুরি দিয়ে হামলা চালায়। এসময় তাদের দা-ছুরির এলোপাতাড়ি আঘাতে গুরুত্বর আহত হন পিতা পুত্রসহ ৩জন।
খবর পেয়ে আহতের স্বজনরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর জখম গুরুত্বর হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। আহতরা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী ও স্বজনরা জানান, আহতরা নিতান্তই নিরীহ ও দিনমজুরী করে জীবিকা নির্বাহ করে থাকেন। ঘটনার দিন স্থানীয় একজন ঠিকাদারের অধিনে তারা একটি ভবণের নির্মাণ কাজে দিনমজুরীর কাজ করতে যান। তাদের সাথে হামলাকারী রোহিঙ্গা হাসানেরও কাজে যাওয়ার কথা ছিল। কিন্তু সকালে হাসান প্রকাশ পুতুইন্না ঘুম থেকে না জাগায় তারা তাকে ফেলে কাজে চলে যায়।
সেই অজুহাতে হাসান প্রকাশ পুতুইন্না, তার ভাই ইসমাঈল ও পিতা হাশিম উল্লাহ দা ছুরি নিয়ে হামলা চালায়। এতে পিতাপুত্র সহ ৩ জন গুরুত্বর জখম হন। ঘটনার পর রোহিঙ্গারা পালিয়ে যান বলে জানায় এলাকাবাসী। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
