চকরিয়ায় মহাসড়কে যাত্রীবাহি চাঁন্দের গাড়ির ধাক্কায় পথচারী বয়োবৃদ্ধ নিহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়ায় যাত্রীবাহি একটি চাঁন্দের গাড়ির ধাক্কায় নজরুল ইসলাম (৬২) নামের এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার ২৫ আগস্ট দুপুর ১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলীস্থ একতা বাজার (গরুবাজার) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম বরইতলী ইউনিয়নের ভিলেজারপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাসড়কের চকরিয়া উপজেলার চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনিসুর রহমান। তিনি বলেন, গতকাল দুপুরে চকরিয়া সদরের চিরিংগা স্টেশন থেকে যাত্রী বুঝায় একটি চাঁন্দের গাড়ি লোহাগাড়ার আমিরাবাদের দিকে যাচ্ছিল।

ওইসময় গাড়িটি মহাসড়কের চকরিয়া উপজেলা বরইতলীস্থ একতা বাজার এলাকায় পৌঁছলে পথচারী বয়োবৃদ্ধ নজরুল ইসলামকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে আহত নজরুল ইসলামকে উদ্ধার করে স্থানীয় লোকজনের সহায়তায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে।##