উখিয়ায় ইউপি মেম্বার সহযোগীসহ ১০ হাজার ইয়াবা নিয়ে র‍্যাবের হাতে আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় ইউপি মেম্বার ও তার সহযোগীকে ১০ হাজার ইয়াবাসহ আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ধৃতরা হচ্ছেন উপজেলার পালংখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার নুরুল আবছার চৌধুরী (৩৫) ও বালুখালী পূর্বপাড়ার নুরুল আলম (৫১)। সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে বালুখালী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা, ১টি বø্যাংক চেক, ১টি স্বাক্ষরকৃত ৬ লক্ষ টাকার চেক, ৩টি এটিএম কার্ড, ২টি স্বাক্ষরিত স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, নুরুল আবছার চৌধুরীর বসতঘরের সামনে মাদক বিক্রয়ের সংবাদে র‌্যাব ১৫ এর একটি দল অভিযান চালায়। এসময় পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

নুরুল আবসার বালুখালী পূর্ব পাড়া এলাকার মৃত নজির আহমদ চৌধুরী ও নুরুল আলম মৃত ইসলাম মিয়ার ছেলে।

র‌্যাব জানিয়েছে, ধৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে উখিয়া-টেকনাফের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে তারা কক্সবাজারসহ সারাদেশে সরবরাহ করে আসছিল।