সাদ্দাম হোসাইন : হ্নীলা-হোয়াইক্যং ইউনিয়নের সরকারী বিভিন্ন ভাতার সুবিধাভোগী জনসাধারণ হ্নীলা কৃষি ব্যাংকে চরম ভোগান্তির শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ব্যাপারে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে হ্নীলা ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করলেও কর্মস্থলে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল কম। গুরুত্বপূর্ণ এই ব্যাংকের এই ধরনের আচরণে সাধারণ মানুষ ক্ষুদ্ধ হয়ে উঠেছে।
ভূক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ১২জুলাই দুপুরের দিকে বাংলাদেশ কৃষি ব্যাংক,হ্নীলা শাখা পরিদর্শনে দেখা গেছে হ-য-ব-র-ল অবস্থা। অফিস ভর্তি সেবাগ্রহীতা থাকলেও সেবা দানের জন্য ২জন ছাড়া কেউ না থাকায় এই দূরাবস্থা। হোয়াইক্যং বালুখালী গ্রামের ফয়েজ আহমদ (৯০), মোজাহার মিয়া (৮০), তুলাতলীর সফেদা খাতুন (৬০), শবেমেরাজ (৬০) সেবাগ্রহীতা জানান,আমরা গত বছর কোরবানের সময় ভাতা উত্তোলন করেছি। এরপর থেকে এখনো উত্তোলন করতে পারেনি। ব্যাংকে আসলে কাল পরশু দেব বলে সময় ক্ষেপন করে চলছে। আসল কারণ হিসেবে ১শ টাকা উপরি আয়ের টাকা না দেওয়ায় এই ব্যাংকের কিছু কর্মচারী ইচ্ছাকৃতভাবে এই ধরনের আচরণ করছে বলে মন্তব্য করেন। তা নিয়ে হৈ চৈ শুরু করলে খবর পেয়ে হ্নীলা ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করে উপস্থিত ব্যাংক কর্মকর্তাদের হুশিয়ার করে বলেন, সরকারী সেবা নিতে আসা গরীব জনসাধারণকে নিয়ে ঔদ্ব্যত্যপূর্ণ আচরণ সহ্য করা হবেনা বলে জানান।
এই ব্যাপারে হ্নীলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি নজরুল ইসলাম খোকন বলেন, সকালে ব্যাংকে গিয়ে সরকারী ভাতাভোগী গরীব জনসাধারণ এই ব্যাংকে সেবা নিতে এসে যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে তা খুবই দুঃখজনক। ১শ টাকার বিনিময়ে ব্যাংক কর্মীরা কয়েকটা বইয়ের সেবা করে দিলেও অপর জনসাধারণকে কৌশলে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আর সরকারী নির্দেশনা এবং সাধারণ ছুটি না থাকা সত্বেও বেশীর ভাগ কর্মকতা অনুপস্থিত থাকায় এইসব সেবামূলক কর্মকান্ড ব্যাহত হচ্ছে।
এসব অনিয়মের ব্যাপারে জানতে চাইলে ব্যাংক ম্যানেজার লিয়াকত আলী জানান, আমি ২দিনের ছুটিতে রয়েছি। আগামীতে দিন সমুহ হতে এসব মানুষের সেবা প্রাপ্তি নিশ্চিত করা হবে বলে আশ^স্ত করেন।
এই ব্যাপারে হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ব্যাংকে সেবা নিতে আসা লোকজনকে হয়রানির খবর পেয়ে ব্যাংকে গিয়ে সত্যতা দেখতে পায়। যা খুবই দুঃখজনক। এসব মানুষের সেবা নিশ্চিত করার তাগিদ দিই।
এদিকে সরকার প্রত্যন্ত এলাকার বিধবা, বয়স্ক, পঙ্গু, প্রতিবন্ধিদের জীবনমান উন্নয়নের জন্য ভাতা প্রদান কর্মসূচী চালু করেছে। বিভিন্ন ব্যাংক থেকে এসব ভাতার টাকা উত্তোলন করতে গিয়েই গরীব জনসাধারণ চরম হয়রানির সম্মুখীন হয়ে আসছে। এসব বিষয় তদন্ত স্বাপেক্ষে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে সরকারী সেবা প্রাপ্তি সহজতর করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করত: সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন। ###
