অবশেষে আদালতের নিষেধাজ্ঞায় বন্ধ হলো সেন্টমার্টিনগামী দুই লঞ্চের চলাচল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নুরুল করিম রাসেল, টেকনাফ |
অবশেষে আদালতের নিষেধাজ্ঞায় বন্ধ হয়ে গেছে টেকনাফ-সেন্টমার্টিন রুটে চলাচলকারী দুই লঞ্চের চলাচল। লঞ্চ দুটি হচ্ছে এমভি পারিজাত ও দোয়েল পাখি-১। নিষেধাজ্ঞার কারণে শনিবার সকালে এমভি পারিজাত টেকনাফের দমদমিয়া লঞ্চ ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। অপরদিকে দোয়েলপাখি-১ নামের লঞ্চটি আগেরদিন সেন্টমার্টিন অবস্থান করায় সেটি শনিবার বিকালে সেন্টমার্টিন থেকে যাত্রী নিয়ে ফিরে আসে। রবিবার থেকে সেটিরও চলাচল বন্ধ থাকবে। বিআইডব্লিউটিএ’র ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, উচ্চ আদালতে রীট পিটিশন দায়ের করে সেন্টমার্টিন রুটে পর্যটক নিয়ে চলাচল করছিল এমভি পারিজাত ও দোয়েল পাখি-১ নামের দুটি লঞ্চ।
গত ২১ জানুয়ারী উচ্চ আদালত জাহাজ দুটির চলাচলে পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে। হাইকোর্ট এর পূর্বের একটি রিট পিটিশন (নং-১১৮১৭/২০১৯) স্থগিতের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় থেকে আবেদন করা হয়েছিল।
উক্ত আবেদনের প্রেক্ষিতে লিভ টু আপিল নং-১৬৬/২০২০ এর আদেশ অনুযায়ী গত ২১ জানুয়ারী টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে চলাচলকারী এমভি পারিজাত (এম-০১-১১২১) ও এমভি দোয়েল পাখি-১(এম-০১-১৬৬৯) লঞ্চ দুটিকে রুটপারমিট ও সময়সূচী স্থগিত রাখা হয়। রিট পিটিশন নং-১১৮১৭ শুনানী শেষে বিচারপতি হাসান ফয়েজ ছিদ্দিকির বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
উক্ত আদেশ জারীর পর নৌ পরিবহন মন্ত্রণালয় ২৩ জানুয়ারী জাহাজ দুটির রুট পারমিট ও সময়সূচী স্থগিত করে। এই পিটিশন নিস্পত্তি না হওয়া পর্যন্ত আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত এমভি পারিজাত (গ-০১-১১২১) ও এমভি দোয়েল পাখি ১ (গ-০১-১৬৬৯) এর টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে চলাচল স্থগিত রাখতে আদেশ দিয়েছেন আদালত। একই সাথে পিটিশনটির পুনরায় শুনানির জন্য আগামী মার্চের ২ তারিখ নির্ধারণ করেছেন। এদিকে আদালতের নির্দেশনা থাকলেও ২৪ জানুয়ারী এই জাহাজ দুটি অতিরিক্ত পর্যটক নিয়ে সেন্টমার্টিন গিয়েছিল।
এমভি পারিজাত ও দোয়েল পাখি-১ লঞ্চের টেকনাফের ইনচার্জ মোহাম্মদ সোহেল বলেন, নিষেধাজ্ঞার কাগজ পত্র হাতে না পাওয়ায় শুক্রবার লঞ্চ ছাড়া হয় তবে শনিবার থেকে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এই দুটি লঞ্চের চলাচল বন্ধ হয়ে গেলেও টেকনাফ সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী আরো ৭টি জাহাজ চলাচল করছে। পর্যটকবাহী জাহাজ গুলো হচ্ছে, আটলান্টিক ক্রুজ, কেয়ারী সিন্দবাদ, কেয়ারী ক্রুজ এন্ড ডাইন, বে-ক্রুজ, এমভি শহীদ সালাম, গ্রীণ লাইন, ফারহান ক্রুজ।