পেকুয়ায় ২০ মিনিটের দমকা হাওয়া চারটি গ্রামের ৫০টি বসতঘর তছনছ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক, চকরিয়া :
কক্সবাজারের সাগর উপকুলের জনপদ পেকুয়া উপজেলার উজানটিয়া ও মগানামা ইউনিয়নের চারটি গ্রামে হঠাৎ শুরু হওয়া দমকা হাওয়ার ২০ মিনিটের তান্ডবে অন্তত ৫০টি কাঁচা বসতঘর মাটিতে লুটিয়ে পড়েছে। গতকাল বুধবার দুপুর একটার দিকে উজানটিয়া ইউনিয়নে ফেরাসিঙ্গা পাড়া, ষাড়ধুনিয়া পাড়া, বাজার পাড়া ও মগনামা ইউনিয়নের কালার পাড়াসহ আরো কয়েকটি পাড়ায় বাতাসের ঘূর্ণিপাকে এসব বসতঘর বিধ্বস্থ হয়েছে। এসময় বাতাসের প্রবল ঘূর্ণিপাকে বসতবাড়ির মাঠি ছাড়া সবকিছু নিয়ে গেছে।
এঘটনায় শিশুসহ এক মহিলা আহত হয়েছে। আহত মহিলা রেজিয়া বেগম আবুল হোসেনের স্ত্রী ও তার শিশু পুত্র। এতে প্রায় ৫০ লাখ টাকার মতো ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
উজানটিয়া ইউনিয়নের ইউপি সদস্য আবদু রহিম বলেন, গতকাল দুপুরে শুরু হওয়া দমকা হাওয়ার তান্ডবে আমার ওয়ার্ডের ফেরাসিঙ্গা পাড়ায় বাতাসের প্রবল ঘূর্ণিপাকে জাফর আলম, নুরুল আলম, বেলাল হোসেন, আবুল হাশেম, আবুল হোসেন, শহিদুল্লাহ, আবদু শুক্কুর, জালাল আহমদের বসতবাড়ি সম্পূর্ন বিধ্বস্থ হয়ে প্রায় ৩০লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় আরো ১০টির মত বসতবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্থ এসব পরিবারের নারী-শিশু ও পুরুষ সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিছে বসবাস করছে।
একই ইউনিয়নের ষাড়ধুনিয়া পাড়া ও বাজার পাড়ার ইউপি সদস্য ছিদ্দিক আহমদ বলেন, আমার ওয়ার্ডের আরফা বেগম, আবদু শুক্কুর, নন্যা মিয়া, রবি আলম, মোঃ হোছাইনের বসতবাড়ি সম্পূর্ণ বিধ্বস্থ হয়েছে। আরো ১০টির মত বসতবাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রায় ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মগনামা ইউনিয়নের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম বলেন, দমকা হাওয়ার তান্ডবে ইউনিয়নের কালার পাড়ায় ৬টি বসতবাড়ি সম্পূর্ণ বিধ্বস্থ হয়েছে। তাৎক্ষনিকভাবে আমি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছি। তারা যাতে কষ্ট না পায় সে ব্যবস্থা করা হচ্ছে।
উজানটিয়া ইউপির চেযারম্যান শহিদুল ইসলাম বলেন, গতকালের দমকা হাওয়ায় আমার ইউনিয়নে ২০টির মতো বসতবাড়ি সম্পূর্ণ বিধ্বস্থ হয়েছে। এক মহিলা ও এক শিশু আহত হয়েছে। তাদেরকে তাৎক্ষনিকভাবে সহযোগিতা করা হয়েছে।
এদিকে দমকা হাওয়ার তান্ডবের খবর শুনে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব-উল করিম। দুর্গত এলাকা থেকে ফিরে তিনি বলেন, বাতাসের প্রবল ঘূর্ণিপাকে উপজেলার উজানটিয়া এবং মগনামায় বেশ কয়েকটি বসতবাড়ি বিধ্বস্থ হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এসমস্ত এলাকায়। তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হবে। #