জসিম উদ্দিন টিপু : টেকনাফের ব্যস্ততম উপ শহর হ্নীলা এবং শামলাপুর বাজার সড়ক বৃষ্টির পানিতে রীতিমত খালে পরিণত হয়েছে। কাঁদা এবং ময়লাযুক্ত পানিতে জনচলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। এক পশলা বৃষ্টি নামলেই হ্নীলা এবং শামলাপুর বাজার সড়ক দিয়ে চলাচল করা মুশকিল হয়ে পড়েছে। উপজেলার গুরুত্বপূর্ণ বাজার দুটির সড়কের বেহাল অবস্থা সাধারণ মানুষকে চলাচলে চরম কষ্ট পোহাতে হচ্ছে। ২দিনের হালকা-পাতলা বৃষ্টিতে উপকূলীয় ইউনিয়ন বাহারছড়া শামলাপুর বাজার সড়ক এবং হ্নীলা ষ্টেশনের পুরাতন বাজার সড়ক পানি জমে রীতিমত কাঁদাযুক্ত খালে পরিণত হয়েছে। জমে থাকা পানি এবং কাঁদাযুক্ত ময়লা মিশে সড়কে একাকার হয়ে গেছে। সড়ক দুটিতে যানবাহন ছাড়া পায়ে হেঁটে চলাচল করা কঠিন হয়ে পড়েছে।
অনুসন্ধানে জানাগেছে,হ্নীলা ষ্টেশন এবং শামলাপুর বাজার এলাকায় ডজনখানিক শিক্ষা প্রতিষ্ঠান এবং আশেপাশে কয়েকটি মসজিদ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের শত শত ছাত্র/ছাত্রী এবং মুসল্লীদের সড়ক দুটি দিয়ে চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে। মুসল্লীরা জানান,অল্প বৃষ্টিতে সড়কে পানি জমে ময়লাযুক্ত কাঁদা সৃষ্টি হওয়ায় পায়ে হেঁটে মসজিদে যাওয়া খুবই কষ্টকর। কাঁদায় পড়ে ধর্মপ্রাণ মুসল্লীদের পবিত্রতা নষ্ট হয়। দীর্ঘ বছর ধরে হ্নীলার পুরাতন বাজার সড়ক এবং শামলাপুর বাজার সড়ক বৃষ্টি হলেই সড়কের বেহাল দশায় পরিণত হয়। জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রশাসনের খামখেয়ালীপনায় সড়কের এমন অবস্থা বলে স্থানীয়রা জানিয়েছেন।
টেকনাফ সাংবাদিক সমিতি (টেসাস)’র সভাপতি মুহাম্মদ ছলাহ উদ্দিন জানান,হ্নীলা ষ্টেশনের গুরুত্বপূর্ণ পুরাতন বাজার সড়কটি অন্তত ২/৩ ফুট ঢালাই দ্বারা উন্নয়নের আওতায় না আসলে বর্ষা মৌসুমে জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে পড়বে। জনধিক বিবেচনায় সড়কটি উন্নয়নের জন্য তিনি সাংসদ শাহিন বদির হস্তক্ষেপ কামনা করেছেন।
হ্নীলা পুরাতন বাজার এলাকার বাসিন্দা ও উপজেলা মটর চালক লীগের সভাপতি আব্দুর রহিম জানান,ইন কি রাস্তা,নাকি খাল? মোটেও বুঝা আসছেনা। তিনি দ্রæত সময়ে জনগুরুত্বপূর্ণ সড়ক ২টি উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। উপজেলার বাহারছড়া শামলাপুর এলাকার বাসিন্দা মো: আলমগীর জানান,২দিনের বৃষ্টিতে শামলাপুর বাজারের প্রধান সড়ক সড়ক রীতিমত খালে পরিণত হয়েছে। দু‘পাশের নি:সৃত কাঁদা এবং ময়লাযুক্ত পানি শিক্ষার্থী-নামাজীদের চলাচলে চরম কষ্ট হচ্ছে জানিয়ে জনস্বার্থে তিনি বর্ষার আগেই সড়কটি মেরামতের দাবী জানান। ওই এলাকার বাসিন্দা বিশিষ্ট উন্নয়নকর্মী জালাল উদ্দিন জানান, বৃষ্টি হলেই শামলাপুর বাজার মুহুর্তেই কাঁদায় পরিণত হয়। কাঁদামুক্ত বাজার এবং অবাধ জন চলাচল নিরাপদ করতে তিনি শামলাপুর বাজার সড়কটি জরুরী ভিত্তিতে উন্নয়নের দাবী জানান। শিক্ষার্থী, মুসল্লী এবং সর্বস্তরের জনসাধারণ বর্ষার আগেই সড়ক দুটি ঢালাই দ্বারা উন্নয়ন পূর্বক জনচলাচল নিরাপদ করতে সাংসদ এবং উপজেলা চেয়ারম্যানের সুদৃষ্টি কামনা করেছেন। জানতে চাইলে উপজেলা প্রকৌশলী চৌধুরী মো: আসিফ রেজা বলেন,শামলাপুর সড়কটি ইতিমধ্যে “পল্লী সড়ক রক্ষণাবেক্ষন ও পুর্নবাসন প্রকল্প”র আওতায় ২বার টেন্ডার দেওয়া হয়েছিল। উপযুক্ত দরদাতা না পাওয়ায় সড়কটি সংস্কার কাজ শুরু করা সম্ভব হয়নি। এদিকে হ্নীলা পুরাতন বাজার সড়ক তথা ভূমি অফিস সড়কটি সংস্কারের জন্য পরবর্তী বাজাটে প্রস্তাব পাঠানো হবে জানিয়ে তিনি বলেন, দ্রæত সময়ে জনগুরুত্বপূর্ণ সড়ক দুটি টেকসই উন্নয়নের মাধ্যমে সংস্কার করা হবে।
