এম.জিয়াবুল হক,চকরিয়া : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার দেড় কোটি টাকা ব্যায়ে নতুন একটি ভবন পেয়েছেন চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের হারবাং গুনামেজু বৌদ্ধ বিহার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিশেষ বরাদ্দের আওতায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর যৌথ অনুদানে ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে হারবাং গুনামেজু বৌদ্ধ বিহারে চলতি অর্থবছর নতুন ভবনটির নির্মাণ কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে।
শুক্রবার (৩ মে) বিকালে হারবাং গুনামেজু বৌদ্ধ বিহারে আয়োজিত সুধীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতাকেটে নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন প্রধান অতিথি চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, ধর্ম মন্ত্রানালয়ের অধীন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান বাবু সুপ্ত ভুষন বড়–য়া, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু এমআর চৌধুরী, হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিরানুল ইসলাম মিরান, সাধারণ সম্পাদক মেহেরাজ উদ্দিন মিরাজ, বৌদ্ধ সম্প্রদায়ের নেতা মাস্টার অংকে ছিং, মাস্টার মং আই প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে হারবাং গুনামেজু বৌদ্ধ বিহারের পুরোহিত, বৌদ্ধ সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দ, এলাকার সর্বস্তরের জনসাধারণ এবং সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জাফর আলম এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। সরকার প্রধান দেশের প্রতিটি ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির সেতুবন্ধনে কাজ করার পাশাপাশি আলাদাভাবে প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের আধুনিকায়নে কাজ করছেন। সেই আলোকে মসজিদ মাদরাসার উন্নয়নের সঙ্গে মন্দির র্গীজা ও বৌদ্ধ বিহারসহ সকল ধর্মের প্রতিষ্ঠানকে উন্নয়নে ঢেলে সাজাচ্ছেন।
এমপি জাফর আলম আরও বলেন, উন্নয়নের ক্ষেত্রে সকল ধর্মের মানুষ ও ধর্মীয় প্রতিষ্ঠানকে সমানভাবে অগ্রাধিকার দিচ্ছেন সরকার। এরই অংশহিসেবে আজ হারবাং গুনামেজু বৌদ্ধ বিহার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার নতুন ভবন। এভাবে পর্যায়ক্রমে চকরিয়া-পেকুয়া উপজেলার প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানকে উন্নয়নের মাধ্যমে ঢেলে সাজানো হবে। সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রতির মেলবন্ধন অটুট রাখতে সব ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে।
