চকরিয়ায় যাত্রীবাহি সৌদিয়া বাস কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়ায় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও সিগারেটবাহী কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মো. ফয়সাল (৩২) নামের এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। নিহত চালক ফয়সাল চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার রশিদ নগর গ্রামের আহামদ হোসেনের ছেলে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী নতুন মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মালুমঘাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী নতুন মসজিদ এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের সাথে চকরিয়া থেকে কক্সবাজার অভিমুখী সিগারেট কোম্পানির একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মো. ফয়সাল (৩২) নামের এক কাভার্ডভ্যান চালক নিহত হয়।
দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত কাভার্ডভ্যান চালকের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। ফায়ার সার্ভিস কর্মিদের সহায়তায় দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ফাঁড়িতে জব্দ করা হয়।
ওসি মো. আলমগীর হোসেন আরও বলেন, নিহত কাভার্ডভ্যান চালক ফয়সালের পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনা করে বিনা ময়না তদন্তে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।##