হুমায়ূন রশিদ : সেন্টমার্টিনের অদূরে বঙ্গোসাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে মাছ শিকারে গিয়ে ট্রলার ডুবির ঘটনায় পৃথকভাবে ২৪জন জেলে উদ্ধার হলেও নিখোঁজের ৩৬ঘন্টা পরও ৪টি ট্রলার এবং জেলের সন্ধান মেলেনি।
জানা যায়, ১০এপ্রিল গভীর রাত পর্যন্ত সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম অদূরে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় বাংলাদেশী শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়ার মোঃ জোবায়ের, আব্দুল্লাহ, দক্ষিণ পাড়ার কবির, বদি আলমের ৫টি ট্রলারসহ ১০টি ট্রলার ঝড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায়। বাংলাদেশী এসব ট্রলারের মধ্যে শাহপরীর দ্বীপের প্রায় ৩৫/৪০ জন জেলে ছিল। নিখোঁজ হওয়া এসব জেলেদের মধ্যে রাত ৮টা পর্যন্ত পৃথকভাবে ১টি ট্রলারসহ ১৮জন ও ৬জন জেলেসহ মোট ২৪জন জেলে উদ্ধার হয়। এদিকে ১১ এপ্রিল দিন পেরিয়ে ৩৬ ঘন্টা অতিবাহিত হলেও ৪টি ট্রলার এবং ১৫ জন নিখোঁজ জেলের কোন সন্ধান মেলেনি।
শাহপরীর দ্বীপের জনৈক জেলে সফিক জানান,গত ১০ এপ্রিল ভোরে বাংলাদেশ-মিয়ানমারের ১০টি মাছ শিকারী ট্রলার ঝড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায়। গভীর রাত পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।
শাহপরীর দ্বীপের স্থানীয় ইউপি মেম্বার ফজলুল হক মাছ শিকারী ট্রলার ডুবির সত্যতা স্বীকার করে বলেন, ট্রলার ডুবির ঘটনার ৩৬ ঘন্টা অতিবাহিত হলেও এখনো পর্যন্ত ৪টি ট্রলার এবং ১৫জন জেলের সন্ধান মেলেনি।
এই ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান বলেন,প্রকৃত নিখোঁজের পরিসংখ্যান নেই। তবে সকাল থেকে নৌবাহিনীর উদ্ধারকারী দলের সকাল হতে সন্ধ্যা পর্যন্ত টহলে নিয়োজিত ছিল। জীবিত বা মৃত কোন কাউকে উদ্ধার করা যায়নি। উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।
